হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি, ভগ্নস্তূপের তলায় আটকে কম করে ১২, আতঙ্ক দিল্লিতে

শনিবার সকাল শুরু হল আতঙ্কে। রাজধানী দিল্লির সীলমপুরে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। সকাল ৭টা নাগাদ এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অন্তত ১২ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে চারজন, বাকিদের খোঁজে চলছে তৎপরতা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকার্যে সহযোগিতা করছেন। ইট-পাথরের স্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে চারজনকে, যাঁদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটিতে ১২ জনের বসবাস ছিল। যদিও দুর্ঘটনার সময় সবাই ভেতরে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বাসিন্দাদের বক্তব্য, বাড়ি ভেঙে পড়ার কোনও পূর্বাভাস মেলেনি। এক স্থানীয় বাসিন্দা জানান,
“হঠাৎ এক তীব্র শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি গোটা বাড়ি মাটিতে। ভিতর থেকে চিৎকার শোনা যাচ্ছিল। সবাই মিলে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ি।”

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাড়িটির কাঠামোগত দুর্বলতাই এই ধসের কারণ। যদিও সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যতক্ষণ না শেষ ব্যক্তি উদ্ধার হন, ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে। প্রত্যাশা, বাকিদেরও জীবিত অবস্থায় বের করে আনা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *