“আলিয়াকে ঠকিয়ে আইফোন, কিনেছেন টিভি-ফ্রিজ”-লক্ষ লক্ষ টাকার প্রতারণায় গ্রেফতার মহিলা

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা শেঠিকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আলিয়ার প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে প্রায় ৭৬ লাখ ৯০ হাজার টাকারও বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে।

তদন্তে জানা গেছে, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া এই বিপুল অর্থ দিয়ে বেদিকা শেঠি বিলাসবহুল জিনিসপত্র কিনেছেন। এর মধ্যে রয়েছে ৬৫ ইঞ্চির একটি স্মার্ট টিভি, দামি ফ্রিজ, আইফোন, আইপ্যাডসহ আরও নানা ইলেকট্রনিক পণ্য। মুম্বাই পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, বেদিকা এই আত্মসাৎ করা টাকা পাঁচটি ভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে রেখেছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেছেন যে, এই টাকায় তিনি শুধু ইলেকট্রনিক পণ্যই কেনেননি, বরং একটি পার্টিরও আয়োজন করেছেন।

শুধু আর্থিক প্রতারণাই নয়, বেদিকা শেঠির বিরুদ্ধে আলিয়ার আসন্ন ছবি ‘জিগরা’র চিত্রনাট্য ফাঁসের চেষ্টার অভিযোগও উঠেছে। এছাড়াও, অভিনেত্রীর পারিবারিক ভ্রমণ পরিকল্পনার কথা আমেরিকার এক বাসিন্দার কাছে পাচার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গোপনীয়তা ভঙ্গের এই গুরুতর ঘটনাগুলো নিয়েও পুলিশ তদন্ত করছে।

গত মঙ্গলবার ব্যাঙ্গালুরু থেকে বেদিকা শেঠিকে আটক করা হয়। এরপর বৃহস্পতিবার তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বেদিকা আলিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। এই ঘটনা বলিউডে আলোড়ন সৃষ্টি করেছে এবং তারকাদের ব্যক্তিগত তথ্য ও আর্থিক নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।