চন্দ্রভাগায় ভারতের নয়া মাস্টারস্ট্রোক, কোয়ার ড্যামের নির্মাণ ঘিরে কপালে চিন্তার ভাঁজ পাকিস্তানের

পহেলগাঁও হামলার পর ভারত-পাক সম্পর্কে পারদ যখন তুঙ্গে, ‘অপারেশন সিঁদুর’-এর পর এবার ইসলামাবাদকে কড়া বার্তা দিতে ময়দানে নেমেছে দিল্লি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চেনাব নদীর ওপর ‘কোয়ার ড্যাম’ প্রকল্পের দ্রুত নির্মাণ কাজ শুরু করে দিয়েছে ভারত সরকার। এই বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পটি কেবল জম্মু ও কাশ্মীরের বিদ্যুৎ চাহিদা পূরণ করবে না, বরং আঞ্চলিক ভূ-রাজনীতিতে ভারতের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। আর এই ঘটনায় নিশ্চিতভাবে পাকিস্তান সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় চেনাব নদীর ওপর অবস্থিত এই ৫৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কোয়ার ড্যাম প্রকল্পটি ভারতের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। এটি একটি নতুন গ্রিনফিল্ড স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প, যা নদীর জলপ্রবাহে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। প্রায় ১০৯ মিটার উঁচু এই কংক্রিট গ্র্যাভিটি ড্যামটি নির্মাণে আনুমানিক ৪,৫২৬ কোটি টাকা খরচ হবে। সূত্রের খবর, এই বিশাল প্রকল্পের জন্য ভারত সরকার বিশ্বব্যাংকের কাছ থেকে ৩১১৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে।
২০২২ সালের ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোয়ার ড্যাম প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সরকারের লক্ষ্য, ২০২৭ সালের মধ্যে এই প্রকল্পটি সম্পন্ন করা। এর মাধ্যমে জম্মু ও কাশ্মীর অঞ্চলে বিদ্যুতের সহজলভ্যতা বৃদ্ধি পাবে এবং এর ফলস্বরূপ শিল্প উন্নয়নে নতুন গতি আসবে। প্রকল্পটি সম্পন্ন হলে একদিকে যেমন স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে, তেমনি কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
কোয়ার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। গত জানুয়ারিতে চেনাব নদীর গতিপথ সফলভাবে পরিবর্তন করা হয়েছে, যা যেকোনও জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি বড় অর্জন। নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি, ৬০৯ মিটার দীর্ঘ প্রধান টানেল খননের কাজও শুরু হয়ে গেছে। কর্তৃপক্ষ আশাবাদী যে, এই গতিতে কাজ চললে প্রকল্পটি নির্ধারিত সময়েই শেষ হবে।
উল্লেখ্য, সিন্ধু জল চুক্তি স্থগিতের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চেনাব নদী সিন্ধু নদের একটি প্রধান উপনদী এবং পাকিস্তানের জলপ্রবাহের একটি উল্লেখযোগ্য অংশ এই নদীর ওপর নির্ভরশীল। ভারতের এই বাঁধ নির্মাণ কাজের ফলে জলপ্রবাহ কমে যাওয়ার আশঙ্কায় পাকিস্তান স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। যদিও ভারত এখনও পর্যন্ত চুক্তি লঙ্ঘন করেনি, তবে চুক্তি পর্যালোচনার দাবি এবং পাকিস্তানের ক্রমাগত আপত্তি এই ইস্যুটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। কোয়ার ড্যাম প্রকল্পটি এমন এক সময়ে বাস্তবায়িত হচ্ছে, যখন দুই দেশের মধ্যে জলবন্টন নিয়ে দীর্ঘদিনের সংঘাত অব্যাহত। এই বাঁধ নির্মাণ নিয়ে পাকিস্তানের উদ্বেগ এবং ভারতের বিদ্যুৎ ও উন্নয়ন চাহিদা – এই দুইয়ের টানাপোড়েন সিন্ধু জল চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই বাঁধ নির্মাণ কেবল বিদ্যুৎ উৎপাদন বা আঞ্চলিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ভারতের কূটনৈতিক ও কৌশলগত সক্ষমতারও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, যা নিঃসন্দেহে পাকিস্তানের জন্য এক বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।