পৈশাচিক নির্যাতনের শিকার ‘রাম’, বাবার পৈশাচিকতা থেকে বাঁচিয়ে ‘লক্ষণ’-এর ঘরে নতুন জীবন

ছয় বছরের এক শিশুর ওপর বাবার অমানবিক অত্যাচার এবং এরপর তাকে ট্রেনের মধ্যে ফেলে পালানোর মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। তবে ভাগ্যের পরিহাসে, এক সহানুভূতিশীল ফুড ডেলিভারি বয়ের মানবিকতায় নতুন জীবন পেয়েছে এই শিশুটি। পৈশাচিক নির্যাতনের শিকার এই ছেলেটি এখন হরিদ্বারের বাগপতের শাহপুর বনগঙ্গার বাসিন্দা নীরজ গোস্বামী এবং তাঁর পরিবারের কাছে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।
ঘটনার সূত্রপাত হয় কয়েক দিন আগে। ছয় বছরের শিশুটিকে দিনের পর দিন শিকলে বেঁধে উল্টো করে ঝুলিয়ে পৈশাচিক মারধর করত তার বাবা। অকথ্য এই নির্যাতনের পর এক দিন তাকে বেড়াতে যাওয়ার নাম করে হরিদ্বারের দিকে নিয়ে যাওয়া হয়। মাঝপথে, ট্রেনে তুলে বাবা শিশুটিকে বলে, “গিয়ে বস আমি আসছি।” কিন্তু এরপরই ট্রেন ছেড়ে দেয় এবং শিশুটি দেখে তার বাবা আর ফেরেনি। অসহায় শিশুটি ট্রেনের কামরায় বাবাকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে বাবা তাকে ফেলে পালিয়েছে।
এরপর, শিশুটি উত্তরপ্রদেশের বাগপত স্টেশনে নেমে পড়ে। ক্ষুধার্ত অবস্থায় সে এলাকার একটি হোটেলে খাবার চেয়ে খাচ্ছিল। এই দৃশ্য নজরে আসে নীরজ গোস্বামী নামের এক ফুড ডেলিভারি বয়ের। তিনি ছেলেটিকে কাছে ডাকেন এবং তার সমস্ত কথা শোনেন। শিশুটির মুখে নিজের ওপর ঘটে যাওয়া ভয়াবহ নির্যাতনের কথা শুনে নীরজ কেঁদে ফেলেন। সঙ্গে সঙ্গে তিনি ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
নীরজ বাড়িতে এসে তাঁর স্ত্রী পিঙ্কিকে সমস্ত কথা খুলে বলেন। ছেলেটি জানায়, তার বাড়ি প্রয়াগরাজে এবং বাবা তাকে ছেড়ে চলে গেলেও সে আর বাড়ি ফিরতে চায় না। কারণ তার বাবা তাকে শিকল দিয়ে বেঁধে খুব মারধর করত, উল্টো করে ঝুড়িয়েও মারত এবং দু’বেলা খেতে পর্যন্ত দিত না। সে আরও জানায় যে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।
নীরজ গোস্বামী জানান, “আমি হরিদ্বারে ফুড ডেলিভারি বয়ের কাজ করি। তিন দিন আগে আমি ছেলেটিকে হোটেলে খাবার চাইতে দেখি। ওর এমন অবস্থা দেখে হোটেল মালিককে জিজ্ঞাসা করি। তিনি জানান, ও কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। এরপর আমি ছেলেটিকে কাছে ডেকে তার নাম এবং ঠিকানা জিজ্ঞাসা করি। সে বলে সে প্রয়াগরাজের বাসিন্দা। ছোট্ট ছেলেটির সঙ্গে এমন ঘটনা শুনে আমি নিজেকে স্থির রাখতে পারিনি।”
ডেলিভারি বয়ের আরও সংযোজন, “হোটেলের কাছে উপস্থিত লোকজন এবং দোকানদাররাও বলছিলেন যে, যদি আমি বাচ্চাটিকে বাড়ি নিয়ে গিয়ে দেখাশোনা করতে পারি তো ভালো, নয়তো তাঁরা শিশু কল্যাণ কমিটির হাতে তুলে দেবেন। বউকে ফোনে সব জানাই। সেও বলে ওকে বাড়িতে নিয়ে আসতে। আমাদের আরও তিনটি সন্তান রয়েছে, ওকেও একজন মানুষ হিসেবে বড় করব।” এরপর নীরজ ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন। তাঁর নিজের এক পুত্র সন্তানের নাম লক্ষণ। এই ছেলেটিকে বাড়িতে আনার পর নীরজ তার নাম রেখেছেন ‘রাম’। তিনি বলেন, “ওরা এখন রাম-লক্ষণ জুটি।”
নীরজের কথায়, “রাম আমার অন্যান্য ছেলেদের সঙ্গেই মিলেমিশে থাকে। এখন সে তার বাড়িতে ফিরে যেতে চায় না। যখন লোকেরা তাকে জিজ্ঞাসা করে যে, সে কি তার বাড়িতে ফিরে যাবে, তখন ভয় পেয়ে যায়!” নীরজ রামকে নিয়ে বিনৌলি থানায় গিয়েছিলেন এবং পুলিশকে সমস্ত তথ্য দিয়েছেন।
পুলিশের এক আধিকারিক শিব দত্ত জানিয়েছেন, “শিশু হেল্পলাইনে খবর দেওয়া হয়েছে এবং ছেলেটি নিরাপদে আছে। পরিবারের সদস্যরা এলে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।”
নীরজের স্ত্রী পিঙ্কি দৃঢ়ভাবে বলেন, “যদি ছেলেটিকে তার বাবা-মা তাদের সম্মতিতে নিয়ে যেতে চান, তাহলে আমি আটকাব না। কিন্তু রামের যদি সম্মতি না-থাকে, তাহলে আমি কোথাও যেতে দেব না। আমি আমার অন্য সন্তানদের মতোই রামকেও ভালোবাসা ও যত্ন দিয়ে বড় করে তুলব।”
পৈশাচিকতার শিকার হয়েও রাম নামক এই শিশুটি এক মানবিক হৃদয়ের দয়ায় নতুন জীবনের আলো দেখেছে। নীরজ এবং পিঙ্কির মতো মানুষেরাই সমাজে মানবতাকে বাঁচিয়ে রেখেছেন।