মমতার খাসতালুকে ‘ল’ কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৩ অভিযুক্ত

রাজ্যের রাজধানী কলকাতায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লোকসভা কেন্দ্রের মধ্যেই ঘটে গেল নারকীয় ঘটনা। কসবা ল’ কলেজে কলেজের ভিতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে কলেজেরই এক প্রাক্তন ছাত্র ও দুই বর্তমান ছাত্রের বিরুদ্ধে। ইতিমধ্যেই তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঘটনাটি ঘটে কলেজ চত্বরে। অভিযোগ, ওই সময়ে ছাত্রীকে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্তরা। এদের মধ্যে এক জন বর্তমানে আইনজীবী, যিনি ওই কলেজের প্রাক্তন ছাত্র। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গেই তদন্তে নামে পুলিশ।
তালবাগান এলাকা থেকে প্রথমে দুই অভিযুক্তকে আটক করা হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মূল অভিযুক্ত প্রাক্তন ছাত্রকেও চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতাকে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষার জন্য চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে।
ঘটনার সময় কলেজ চত্বরে আর কারা উপস্থিত ছিলেন, বা কেউ কিছু প্রত্যক্ষ করেছিলেন কিনা—তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। কারণ, ঘটনাস্থল কসবা, যা কলকাতার দক্ষিণ অংশে অবস্থিত ও মুখ্যমন্ত্রীর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কসবার বিধায়ক জাভেদ খান রাজ্যের মন্ত্রী, ফলে এই ঘটনায় রাজ্য সরকারকেই নিশানা করছে বিরোধীরা।
বিরোধীদের প্রশ্ন—রাজ্যের এক ল’ কলেজে, যেখানে ভবিষ্যতের আইনজীবীরা পড়াশোনা করেন, সেখানে যদি ছাত্রী নিরাপদ না হন, তাহলে নারী সুরক্ষার অবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে? এই ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্নচিহ্ন।