সব জল্পনায় জল ঢেলে রুক্মিণীর জন্মদিনের পার্টিতে দেব, ‘মেরা হ্যাপি বার্থ ডে’ গানে নাচ নায়িকার

৩৪-এ পা দিলেন রুক্মিণী মৈত্র। আর সেই বিশেষ দিনটা জমজমাট ভাবে উদযাপন করলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে। রাত বারোটা বাজতেই কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় সেলিব্রেশন। আর কেক কাটার মুহূর্তে বাজতে থাকে ‘তেরা হ্যাপি বার্থডে’, তার সঙ্গে রুক্মিণীর উচ্ছ্বাস, নাচ ও হাসিতে ছিল খাঁটি আনন্দের ছোঁয়া।

জন্মদিনের আগে থেকেই ফের গুঞ্জন শুরু হয়েছিল রুক্মিণী-দেব সম্পর্কে ভাঙনের। নেটপাড়ায় কেউ কেউ দাবি করেছিলেন, এবার বোধহয় আর এক ফ্রেমে ধরা দেবেন না দেব। তবে সব জল্পনায় জল ঢেলে রুক্মিণীর জন্মদিনের পার্টিতে ঠিক পাশেই বসে ছিলেন দেব। এক পাশে মা, অন্য পাশে প্রেমিক। রুক্মিণী ছিলেন কালো শর্ট ড্রেসে, এক্কেবারে পার্টি মুডে। হাততালি, চিৎকার করে বন্ধুদের অনুরোধ—”সবাই হাততালি দাও”, বলে বুঝিয়ে দিলেন—প্রেম এখনো ঠিক আগের মতোই রঙিন।

দেব-রুক্মিণীর বিচ্ছেদ নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। “খাদান” মুক্তির সময় থেকেই সম্পর্ক নিয়ে নানান কানাঘুষো চলছিল। শোনা গিয়েছিল, দেব নাকি এক কিশোরী সহ-অভিনেত্রীর প্রেমে পড়েছেন। কিন্তু সেই গুজবকে একাধিকবার খণ্ডন করেছেন এই জুটি। হোক তা খাদানের সাফল্য উদযাপন বা ‘বিনোদিনী’র মুক্তি, একসঙ্গে তাঁদের উপস্থিতি স্পষ্ট করেছে—যা রটে, সবটাই ভিত্তিহীন।

প্রেমের শুরু ঠিক কবে থেকে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও, ২০১৭ সালে প্রথম একসঙ্গে বড়পর্দায় দেখা যায় তাঁদের। সেই থেকে ‘দেব-রুক্মিণী’ জুটি হয়ে ওঠে পরিচিত মুখ। রুক্মিণীর কেরিয়ারের অনেক ছবিতেই নায়ক ছিলেন দেব—পাসওয়ার্ড, কিসমিস, কিডন্যাপ, দুর্গ রহস্য—সব ছবিতেই জমেছে জুটি।

তবে দেবের বাইরেও রুক্মিণী নিজের পরিচিতি গড়ে তুলেছেন। বলিউডে সনক ছবিতে কাজ করার পাশাপাশি টলিউডেও তিনি জিত, আবিরের মতো তারকাদের সঙ্গে ভাগ করেছেন স্ক্রিনস্পেস। সাম্প্রতিক ছবি বিনোদিনী-তে তাঁর একক অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।

সব মিলিয়ে, জন্মদিনের উৎসব আর প্রেমের কেমিস্ট্রি—দুটোই একসঙ্গে মাতিয়ে দিল রুক্মিণী-দেব অনুরাগীদের।