টানা মিসাইল হামলার পর অবশেষে ইজরায়েলের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করল ইরান

টানা মিসাইল হামলার পর অবশেষে ইজরায়েলের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করল ইরান। মঙ্গলবার সকালেই দক্ষিণ ইজরায়েলের বে’র শেভা শহরে একটি আবাসিক ভবনে আঘাত হানে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত।
ঘটনার পর প্রকাশ্যে আসা একটি ভিডিওয় (যার সত্যতা যাচাই হয়নি) দেখা গিয়েছে—একটি আবাসিক ভবন ও তার সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঘটনার পরই ইরানের তরফে ‘শত্রুতা বন্ধের’ ঘোষণা আসে।
সোমবার রাতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকে ইরানের পক্ষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই পরিকল্পনার আওতায় ১২ ঘণ্টা পর ইজরায়েলেও যুদ্ধবিরতি চালু হওয়ার কথা।
তবে উল্লেখযোগ্য বিষয় হল, যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইরান ইজরায়েল লক্ষ্য করে মিসাইল হামলা চালায়। ইরানি সংবাদমাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিতও করা হয়েছে। পরে এক বিবৃতিতে ইরান জানায়, তারা আর আক্রমণ চালাতে চায় না, যদি ইজরায়েলও আক্রমণ বন্ধ রাখে।
ইরানের বিদেশমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন,“ইজরায়েল যদি আক্রমণ বন্ধ রাখে, তাহলে তেহরান যুদ্ধ চায় না।”
তবে এখনো পর্যন্ত ইজরায়েলের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফলে এই সংঘাত আদৌ থেমে থাকবে, না ফের নতুন করে উত্তাপ ছড়াবে—তা নিয়ে তৈরি হয়েছে আন্তর্জাতিক উদ্বেগ।