‘যৌনকর্মী’ মন্তব্য ঘিরে বিপাকে সুকান্ত মজুমদার, BJP নেতার বিরুদ্ধে দায়ের FIR

রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপাড়। বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবার চরম বিতর্কের মুখে। ‘যৌনকর্মী’ প্রসঙ্গ টেনে পুলিশকে কটাক্ষ করার জেরে তাঁর বিরুদ্ধে বড়তলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক যৌনকর্মী। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআরও দায়ের করেছে বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। কলকাতার ভবানীপুরে এক প্রতিবাদ কর্মসূচি চলাকালীন সুকান্ত মজুমদারকে আটকায় পুলিশ। সেই সময় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আপনারা আইনটাকে সোনাগাছির যৌনকর্মীতে পরিণত করেছেন।” এই মন্তব্য সামনে আসতেই শুরু হয় প্রবল বিতর্ক।
তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে চরম কুরুচিকর, অবমাননাকর ও নারী-অপমানমূলক বলে দাবি করেছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “যৌনকর্মীরা জীবনের সঙ্গে লড়ে বেঁচে থাকেন। তাঁরা সম্মানযোগ্য। বিজেপি নেতার এই ভাষা সেই লড়াইকে অসম্মান করেছে।”
রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শশী পাঁজাও কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর বক্তব্য, “সুকান্ত মজুমদারকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। এমন মন্তব্যের কোনও নৈতিক অধিকার তাঁর নেই।”
তবে বিতর্কের মুখেও নিজের অবস্থানে অনড় সুকান্ত মজুমদার। তাঁর দাবি, তিনি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি। শুধু রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন। রবিবার তিনি বলেন, “সোনাগাছির মহিলাদেরও কিছু নীতি আছে। রাজ্য পুলিশের তা-ও নেই।” পাশাপাশি অভিযোগ করেন, তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে বিকৃত করে প্রচার করছে। অনুব্রত মণ্ডলের দুর্নীতি থেকে নজর ঘোরাতেই এই ‘নাটক’ সাজানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এই মন্তব্যে ক্ষুব্ধ যৌনকর্মীরাও। তাঁদের মতে, একজন কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এমন অবমাননাকর মন্তব্য কাম্য নয়। এই ঘটনার প্রতিবাদে সোনাগাছির যৌনকর্মীরা সোমবার বিকেল ৪টেয় শীতলা মন্দির চত্বরে প্রতিবাদ সভার ডাক দিয়েছেন।
সাম্প্রতিক এই ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। বিরোধী রাজনৈতিক দলগুলিও প্রতিবাদে সরব হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত শুরু হয়েছে।