‘বছরে কেন ৪টি ছবি করেন?’ অবশেষে এর আসল কারণ ফাঁস করলেন অক্ষয় কুমার

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার তার সাম্প্রতিক দুটি ছবি দিয়ে বক্স অফিসে হিট দিলেও, বিগত কয়েক বছর ধরে একের পর এক ফ্লপ ছবির কারণে সমালোচনার মুখে পড়েছেন। প্রতি বছর ৪ থেকে ৫টি ছবি মুক্তি পাওয়ার কারণে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী থেকে শুরু করে ফিল্ম সমালোচক এবং চলচ্চিত্র শিল্পের বর্ষীয়ান ব্যক্তিরাও তাকে এত ছবি না করার পরামর্শ দিয়েছিলেন। এবার সেই সব ট্রোলিং এবং সমালোচনার জবাব দিয়েছেন অভিনেতা।
সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার ব্যাখ্যা করেছেন, কেন তিনি বছরে চারটি ছবিতে অভিনয় করেন।
অক্ষয় কুমার বলেন, “আমি এটা ভালোবাসি। আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করাটা উপভোগ করি। আর তাহলে কেন এটা করব না? কিছু লোক প্রশ্ন তুলেছেন যে আমি বছরে কেন ৪টি ছবি করি? তবে আমি তো এটা না করার কোনো কারণ দেখি না। কাজ পেলে অবশ্যই করব। কিছু সিনেমা চলে, কিছু চলে না। একজন মানুষকে প্রতিদিন কাজ করতে হয় এবং প্রতিদিন অফিসে যেতে হয়। তিনি ঘরে বসে বলতে পারেন না যে, এখন একটু থেমে যাই। আর আমি কাজ করতে চাই। যেহেতু আমি চারটি ছবি করি, তাই আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। আর এটা আমাকে খুব আনন্দিত করে।”
অক্ষয় আরও যোগ করেন, “আমি এমন চরিত্রে অভিনয় করার চেষ্টা করি যা নতুন। আর আমি বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। আর এমন গল্প বলতে চাই যা আগে কখনও বলা হয়নি। আমি খুব খুশি যে আমি সি শঙ্করন নায়ারের গল্প বলার সুযোগ পেয়েছি। এর আগে স্কাই ফোর্স, সরফিরা সহ আরও বেশ কয়েকটি সিনেমা তৈরি হয়েছে। আমি সবসময় যতটা সম্ভব চরিত্র হয়ে ওঠার চেষ্টা করি।”
প্রসঙ্গত, অক্ষয় কুমার বর্তমানে তার নতুন ছবি ‘হাউসফুল ৫’-এর কারণে খবরে রয়েছেন, যা বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। অভিনেতার এই মন্তব্য তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তার কাজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার প্রমাণ দিয়েছে।