অপরিষ্কার কামড়া, ভাঙা সিট, ট্রেনের হাল দেখে রেগে আগুন BSF জওয়ানরা! দেখুন ভিডিও

অমরনাথ যাত্রার ডিউটিতে যাচ্ছিলেন বিএসএফ (BSF) জওয়ানরা। তাদের জন্য ব্যবস্থা করা ট্রেনের করুণ অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চরম বিতর্ক তৈরি হয়েছে। ট্রেনের কামড়ার ভাঙা সিট, নোংরা কোচ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং শৌচাগারের শোচনীয় অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন জওয়ানরা। মুহূর্তের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে খবর পৌঁছয় রেল মন্ত্রকে, যার পরই নড়েচড়ে বসে প্রশাসন। কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে, গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফে।

আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। আর সেই জন্যই অমরনাথের পথে পাঠানো হচ্ছিল বিএসএফ-এর অস্থায়ী ব্যাটেলিয়নকে। তাঁদের জন্য দুটি এসি ৩-টায়ার কোচ, একটি এসি ২-টায়ার কোচ, ১৬টি স্লিপার কোচ এবং ৪টি এসএলআর (SLR) কোচের ব্যবস্থা ছিল। কিন্তু ট্রেনের কামড়ার ভিতরের একাধিক সিট ভাঙা ছিল, জানালা-দরজার কাচ ভাঙা ছিল এবং টয়লেটগুলি ছিল অপরিষ্কার। এই অব্যবস্থা দেখে বিএসএফ জওয়ানরা সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে ক্ষোভ উগরে দেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিওটি রেল মন্ত্রকের নজরে আসার পরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কর্তব্যে গাফিলতির অভিযোগে চারজন রেল কর্মকর্তাকে বরখাস্ত করার নির্দেশ দেন। একইসঙ্গে, রেল মন্ত্রকের তরফে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, এই ভাইরাল ভিডিওটি এনডব্লিউ ফ্রন্টিয়ার রেলের তরফে এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয় এবং সেখানে দাবি করা হয় যে এটি বিএসএফদের জন্য পাঠানো ট্রেন ছিল না, এটি আসলে মেরামতির জন্য যাচ্ছিল। যদিও এই দাবি জওয়ানদের ক্ষোভ এবং রেলমন্ত্রীর পদক্ষেপের পর কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠছে।