“বিয়ে করতে চাই না, তবে একজন সঙ্গী চাই”-বড় সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রী

বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান ও সুস্মিতা সেনের মতো একই পথে হাঁটছেন গুণী অভিনেত্রী দিব্যা দত্ত। তিনি বিয়ে না করার পক্ষে এক দৃঢ় অবস্থান নিয়েছেন, তবে তার জীবনে একজন ‘অর্থবহ সঙ্গী’র প্রয়োজনীয়তার কথা অকপটে স্বীকার করেছেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দি রাশ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের দর্শন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে দিব্যা বলেন, “যদি একজন ভালো সঙ্গী খুঁজে পাই, তাহলে বিয়ে করতে রাজি আছি। তা না হলেও জীবন সুন্দরভাবে এগিয়ে চলে। অকার্যকর দাম্পত্যে থাকার চেয়ে নিজেকে সময় দেওয়া অনেক ভালো। সম্পর্কের মধ্যে নিজেকে ছোট করা থেকে নিজেকে ভালোবাসা অনেক বেশি জরুরি।” তার এই মন্তব্য প্রমাণ করে, তিনি সম্পর্কের চেয়ে নিজের আত্মমর্যাদা ও মানসিক শান্তিকে বেশি মূল্য দেন।
দিব্যা আরও বলেন, “আমি অনেক পুরুষের মনোযোগ পেয়েছি এবং সেটা আমি উপভোগও করি। তবে সম্পর্কের আসল সৌন্দর্য হলো যোগাযোগ—যেখানে আপনি অনুভব করবেন, এই মানুষটি আপনার হাত ধরতে পারে। যদি তা না-ও হয়, আমার আশপাশে সুন্দর কিছু বন্ধু আছেন এবং আমি নিজেও নিজের জন্য যথেষ্ট।”
বিয়ে নিয়ে নিজের মনোভাব আরও পরিষ্কার করে দিব্যা বলেন, “আমি বিয়ে করতে চাই না, তবে এমন একজন সঙ্গী চাই যার সঙ্গে ভ্রমণে বের হতে পারি। আর যদি তাও না হয়, তাও আমি সুখী।” তিনি একটি মজার ঘটনা উল্লেখ করে বলেন, “একবার আমার এক বন্ধু একটা উদ্ধৃতি পাঠিয়েছিল—’আপনি কেন বিয়ে করেননি? আপনি তো সুন্দর, আকর্ষণীয়, যত্নশীল।’ আমি বলেছিলাম, ‘সম্ভবত আমি ওভারকোয়ালিফাইড!'”
একসময় দিব্যা মনে করতেন, একজন সঙ্গী না থাকলে জীবন অপূর্ণ। কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন যে সেই ভাবনাটি ছিল ভুল। তার ভাষায়, “এখন আর আমি আমার আস্তিনে হৃদয় পরে ঘুরি না।” অর্থাৎ, তিনি এখন আর আবেগের বশে কোনো সম্পর্কে জড়াতে চান না, বরং নিজের শর্তে জীবন যাপন করতে চান।
অভিনেত্রী দিব্যা দত্তকে সর্বশেষ দেখা গেছে ‘ছাবা’ ছবিতে। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবিতে ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না এবং ইয়েসুবাই ভোঁসলের চরিত্রে ছিলেন রশ্মিকা মান্দান্না। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করেছে, বিশ্বব্যাপী আয় করেছে ৮০৭.৮৮ কোটি টাকা এবং বর্তমানে এটি নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে।
দিব্যার পরবর্তী প্রজেক্ট হলো ‘নাস্তিক’। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন রামপাল, ইহানা ধিলোঁ এবং হর্ষালি মালহোত্রা। ছবিটি পরিচালনা করছেন শৈলেশ ভার্মা। তবে এখনও ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
দিব্যা দত্তের এই খোলামেলা সাক্ষাৎকার বলিউডের প্রচলিত ছক ভেঙে সম্পর্কের নতুন সংজ্ঞা তুলে ধরল, যেখানে আত্মপ্রেম ও মানসিক শান্তিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।