“দু’পাশে জীবনের দুই নারী!”- ভাইরাল শুভশ্রী-রুক্মিণীর সঙ্গে দেবের ছবি, প্রশংসা নেটিজেনদের

টলিপাড়ায় সম্পর্ক ভাঙা-গড়ার খেলা নতুন নয়। তবে যখন প্রাক্তন ও বর্তমান একসঙ্গে এক ফ্রেমে ধরা দেন, তখন তা আলোচনার কেন্দ্রে চলে আসে। এমনই এক ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে অভিনেতা দেবকে দেখা যাচ্ছে তাঁর প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রের সঙ্গে। দু’জনের কোমর জড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন দেব, আর দুই নায়িকার পরনে মানানসই জামদানি শাড়ি। শুভশ্রী সাদা আর রুক্মিণী লাল রঙের জামদানিতে সেজেছেন, দেবের পরনে নীল শার্ট।
ছবিটি দেখে অনেকেই হতবাক। নেটিজেনদের কমেন্ট বক্স ভরে উঠেছে নানা রকম ইতিবাচক-নেতিবাচক মন্তব্যে। কেউ কেউ তো আবদার করেছেন, একসঙ্গে তিনজনকে ছবিতে অভিনয় করতে দেখতে চান। আসলে, এটি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’ ছবির শুভ মহরতের দিনের ছবি। ২০১৫ সালের অক্টোবর মাসে এই ছবির শুটিং শুরু হয়েছিল, আর প্রায় এক দশক পর সেই মুহূর্তের ছবি ফের প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গেছে।
এক সময়ে দেব-শুভশ্রী জুটি ছিল টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। তাঁদের ব্রেকআপে বহু অনুরাগীর মন ভেঙেছিল। সম্প্রতি এই প্রাক্তন জুটির নানা ছবি-ভিডিও ফের সামনে আসছে, যা নিমেষে ভাইরাল হচ্ছে।
অবশেষে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। প্রযোজক রানা সরকার এতদিন ধরে ছবিটি নিয়ে আশা জাগিয়ে রেখেছিলেন। এবার রানা ছাড়াও দেব নিজেও এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন। ‘ধূমকেতু’ মুক্তি প্রসঙ্গে শুভশ্রী আগে জানিয়েছিলেন যে, হয়তো দর্শকদের তাঁর অভিনয় ভালো নাও লাগতে পারে, কারণ তাঁর মতে তিনি এখন অনেক উন্নতমানের অভিনেত্রী। অন্যদিকে, রুক্মিণী সম্প্রতি বলেন, “আমি নিজেও এই ছবি দেখার জন্য অপেক্ষা করে রয়েছি।”
দেব-শুভশ্রী তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও সিলমোহর দেননি, বরং সম্পর্কে থাকাকালীনও নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় দিতেন। তবে তাঁদের সম্পর্ক ইন্ডাস্ট্রিতে ছিল ‘ওপেন সিক্রেট’। ব্রেকআপের পর সবটা আরও পরিষ্কার হয়ে যায়। বহু সাক্ষাৎকারে দেব বলেছেন যে, শুভশ্রী তাঁর জীবনের অত্যন্ত কাছের একজন মানুষ এবং তাঁর জীবনের প্রেম কাহিনির এমন পরিণতি তিনি আশা করেননি। শুভশ্রীও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, দেবের সঙ্গে ব্রেকআপের পর তিনি অনেকটা পরিণত হয়েছেন। যদিও ব্রেকআপের কারণ কখনও প্রকাশ্যে আসেনি, তবে শোনা যায়, এই সম্পর্ক ভাঙার পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুভশ্রীর বেশ সময় লেগেছিল।
টলিউড ইন্ডাস্ট্রির ভেতরের খবর অনুযায়ী, ‘ধূমকেতু’র শুটিংয়ের সময় রুক্মিণীও উপস্থিত ছিলেন। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি সেই সময় থেকেই রুক্মিণীর সঙ্গে দেবের বন্ধুত্ব গভীর হয়ে শুভশ্রীর সঙ্গে দূরত্ব বাড়ছিল? যদিও কিছুদিন আগে ‘বিনোদিনী’ বিতর্কে শুভশ্রী-রুক্মিণী কেউই একে অপরের বিরুদ্ধে কথা না বললেও, নিজেদের অবস্থান হালকা চালেই স্পষ্ট করে দিয়েছিলেন।