বাড়িতে সাজানো ২.১ কোটি টাকা, গোয়েন্দারা আসতেই জানালা দিয়ে টাকা ফেলেন ইঞ্জিনিয়ার! দেখুন ভিডিও

ওড়িশার ভুবনেশ্বরে এক চাঞ্চল্যকর ঘটনায় রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের এক চিফ ইঞ্জিনিয়ারের বাড়িতে ভিজিল্যান্স তল্লাশি চালাতে গিয়ে ‘টাকার বৃষ্টি’র সাক্ষী হলো। ৫০০, ২০০ ও ১০০ টাকার নোটের বান্ডিল জানালা দিয়ে উড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্তকারী আধিকারিকরাও হতবাক।
ঘটনাটি ঘটেছে বৈকুণ্ঠনাথ সারাঙ্গি নামক ওই সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে। ভিজিল্যান্স ডিপার্টমেন্টের তল্লাশি চলাকালীন তাঁর বাড়ি থেকে থরে থরে সাজানো টাকার বান্ডিল উদ্ধার হয়। কিন্তু তদন্তকারীদের চোখে ধুলো দিয়ে, টাকা বাজেয়াপ্ত করার আগেই বৈকুণ্ঠনাথ সারাঙ্গি তাঁর বাড়ির জানালা দিয়ে টাকার বান্ডিলগুলো নিচে ছুড়ে ফেলে দিতে থাকেন। আশেপাশে থাকা লোকজন সেই ‘টাকার বৃষ্টি’ দেখে হুড়োহুড়ি করে টাকা কুড়াতে শুরু করে।
জানা গেছে, বৈকুণ্ঠনাথ সারাঙ্গির ভুবনেশ্বরের বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে। এই সব টাকাই তাঁর আয় বহির্ভূত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এখনও টাকা গোনার কাজ চলছে।
Anti-Corruption vigilance detects cash over Rs 2.1 crore at Houses of a Chief Engineer in Odisha pic.twitter.com/MvFstrBpSN
— arabinda mishra (@arabindamishra2) May 30, 2025
একই সময়ে, ওড়িশার ভুবনেশ্বর, অঙ্গুল ও পিপলি সহ মোট সাতটি জায়গায় এই সরকারি ইঞ্জিনিয়ারের সম্পত্তিগুলোতে তল্লাশি চালানো হচ্ছিল। অঙ্গুলের বাড়ি থেকে ১.১ কোটি টাকা এবং ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে ১ কোটি টাকা নগদ উদ্ধার হয়। ভুবনেশ্বরের বাড়িতে তদন্তকারীরা পৌঁছাতেই তিনি এই কাণ্ড ঘটিয়ে বসেন এবং জানালা দিয়ে টাকা উড়িয়ে দেন।
পরে অবশ্য তদন্তকারী আধিকারিকরাই নিচে ছুড়ে ফেলা সেই টাকা উদ্ধার করেন। তদন্তকারীদের দেওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, থরে থরে সাজানো রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ৫০ টাকার নোটের বান্ডিল। বর্তমানে ২৬ জন পুলিশ অফিসার মিলে এখনও টাকা গোনার কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে, ওই সরকারি ইঞ্জিনিয়ারকে আটক করে জেরা করা হচ্ছে। এই ঘটনা ওড়িশায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে নতুন করে প্রশ্ন তুলেছে।