বিরাট সাফল্য পেল কলকাতা পুলিশ! ঝাড়খণ্ডে বেআইনি অস্ত্র কারখানার পর্দা ফাঁস, গ্রেফতার ৫

কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (STF) এক বিরাট সাফল্য অর্জন করেছে। গোপন সূত্রে খবর পেয়ে প্রতিবেশী রাজ্যে যৌথ অভিযান চালিয়ে একটি বড়সড় বেআইনি অস্ত্র কারখানার হদিস মিলেছে। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং অস্ত্র তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কারখানার মালিকসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কলকাতা পুলিশের এসটিএফ গোপন সূত্রে একটি বিশেষ তথ্য পায়। এরপর কলকাতা পুলিশ এসটিএফ, ঝাড়খণ্ড এসটিএফ এবং ঝাড়খণ্ডের ধানবাদের মাহুদা পুলিশের একটি যৌথ দল সেখানকার সিংগ্রা বস্তি এলাকার একটি বাড়িতে অভিযান চালায়।

অভিযানে বিপুল পরিমাণে সেমি-ফিনিসড বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এর মধ্যে রয়েছে ৪টি ৭.৬৫ এমএম পিস্তল এবং ৯ রাউন্ড কার্তুজ। এছাড়াও আগ্নেয়াস্ত্র তৈরির সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

এই অভিযানে বেআইনি অস্ত্র কারখানার অন্যতম মালিক মুর্শিদ আনসারিকে গ্রেফতার করা হয়েছে। এই সাফল্যের ফলে অবৈধ অস্ত্র পাচার চক্রের ওপর বড় আঘাত হানা সম্ভব হয়েছে বলে মনে করছে পুলিশ। ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে জড়িত আরও কারা আছে, তা জানার চেষ্টা চলছে।