আরও শক্তিশালী হবে নিম্নচাপ! ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, বৃষ্টি চলবে কতদিন?

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা দক্ষিণবঙ্গ এবং ওড়িশা উপকূলের অদূরে অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত এর বিস্তার রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে উত্তর দিকে অগ্রসর হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাস:
২৮ মে: দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলীয় জেলাগুলির মধ্যে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই কারণে দক্ষিণবঙ্গের সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
২৯ মে: দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি জারি থাকবে এবং সব জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে। সেদিনও দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা বজায় থাকবে।
৩০ মে: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। এর মধ্যে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে হলুদ সতর্কতা জারি থাকবে।
পরবর্তী দিনের পূর্বাভাস:
৩১ মে: দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, বাঁকুড়া এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
১ ও ২ জুন: দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
৩ জুন: দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও, কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
এই সময়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।