‘ভরা বাজারে বন্দুক হাতে নিয়ে জ্যোতিকে ঘিরে ৬ জন’, পাকিস্তানে ‘চর’ জ্যোতির ‘খাতিরে’ হতবাক ইউটিউবার!

সম্প্রতি পাকিস্তানের লাহোরের আনারকলি বাজারে স্কটল্যান্ডের ইউটিউবার কালুম মিল এক চাঞ্চল্যকর দৃশ্যের সাক্ষী হয়েছেন বলে দাবি করেছেন। তিনি তার ইউটিউব ভিডিওতে দেখিয়েছেন, কীভাবে ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে কমপক্ষে ছয়জন সশস্ত্র ব্যক্তি একে-৪৭ রাইফেল হাতে ঘিরে রেখেছিলেন। এই দৃশ্য দেখে কালুম মিল নিজেই প্রশ্ন তুলেছেন, “ভরা বাজারে জ্যোতিকে ঘিরে কেন এতজন বন্দুকবাজ আছে?”

কালুম মিল তার ভিডিওতে বলেন, “ওর সঙ্গেই ওই লোকেরা আছে, ওর সুরক্ষায় আছে। আমি জানি না ব্যাপারটা কী। এত বন্দুকের কী দরকার আছে? ওর চারপাশে কী কী বন্দুক আছে, দেখুন। ওকে ঘিরে ছ’জন বন্দুকবাজ আছে।” ভিডিওতে জ্যোতির সঙ্গে আরও কয়েকজন ব্যক্তিকে দেখা গেছে, যাদের পর্যটক বলে মনে হচ্ছে। তবে এই সশস্ত্র ব্যক্তিদের পরিচয় এবং তাদের জ্যোতির সঙ্গে থাকার কারণ সম্পর্কে কালুম মিল কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেননি।

স্কটিশ ইউটিউবার কালুম মিল গত ১লা মার্চ তার চ্যানেলে এই ভিডিওটি আপলোড করেন, যার শিরোনাম ছিল ‘পাকিস্তানে দারুণ উপভোগ করছে ভারতীয় মেয়ে’। ভিডিওটিতে জ্যোতির সঙ্গে তার কথোপকথনের মুহূর্তও ছিল। অন্যদিকে, জ্যোতি মালহোত্রার ইউটিউব চ্যানেলে গত ১৯শে মার্চ আপলোড করা একটি ভিডিওতে কালুম মিলকেও দেখা গিয়েছিল। এই পারস্পরিক উপস্থিতি দুই ইউটিউবারের মধ্যে পরিচিতির ইঙ্গিত দেয়।

জ্যোতি মালহোত্রা তার পাকিস্তান সফরের ভিডিওগুলোতে দাবি করেছিলেন যে, তিনি অন্যান্য পর্যটকদের সঙ্গে বাসে করে বিভিন্ন স্থানে ঘুরছেন। তিনি হিন্দু ও শিখ সম্প্রদায়ের বিভিন্ন উপাসনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান। আট্টারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ঢোকার পরেই তিনি বাসের বুকিং করেছিলেন এবং লাহোরের আনারকলি বাজারেও বাসে করেই গিয়েছিলেন বলে দাবি করেন।

এই ঘটনার মধ্যেই জানা গেছে, জ্যোতি মালহোত্রাকে পাকিস্তানের চর হিসেবে কাজ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার তিনটি মোবাইল ফোন এবং ল্যাপটপ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে তাকে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ), ইন্টেলিজেন্স ব্যুরো এবং সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের অফিসাররা জেরা করছেন। সূত্রের খবর, তার আর্থিক লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।