হাওড়ার মঙ্গলহাটে ফের আগুন আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

হাওড়ার মঙ্গলহাটে ফের আগুন আতঙ্ক। শনিবার দুপুরে মঙ্গলহাট চত্বরের মডার্ন বিল্ডিংয়ের তিনতলা থেকে গলগল করে সাদা ধোঁয়া বের হতে দেখা যায়। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছায়। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়।
বাইরে থেকে ধোঁয়া দেখা গেলেও আগুনের শিখা দেখা যায়নি। জানা গেছে, বাজারের মধ্যেই এই মডার্ন বিল্ডিংয়ে প্রায় ২০০-র কাছাকাছি দোকান রয়েছে এবং প্রায় ৩ হাজার ব্যবসায়ী কাজ করেন। দমকল পৌঁছানোর সাথে সাথেই গোটা বিল্ডিং ফাঁকা করে দেওয়া হয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মন্ত্রী অরূপ রায় এবং তিনি সরেজমিনে অকুস্থল ঘুরে দেখেন।
উল্লেখ্য, ২০২৩ সালেও এই মঙ্গলহাটে ভয়াবহ আগুন লেগেছিল, যাতে একাধিক কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল এবং কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারের আগুন লাগার ঘটনায় সেই দুঃস্মৃতি ফিরে আসে ব্যবসায়ীদের মনে, মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাজারে। তবে কোনো হতাহতের খবর না আসায় শেষ পর্যন্ত কিছুটা স্বস্তিতে ব্যবসায়ীরা।