‘সিঁদুর ডোনেশন ক্যাম্প’!-মোদির সমালোচনায় প্রকাশ রাজ, ক্ষোভ প্রকাশ করলেন রুপালি

প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ এবং মোদি সরকারকে ব্যঙ্গ করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, যা রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। এবার প্রকাশের সেই পোস্টের তীব্র বিরোধিতা করতে দেখা গেল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়কে।

ঘটনার সূত্রপাত, যখন প্রকাশ রাজ সমাজমাধ্যমে একটি কার্টুন চিত্র পোস্ট করেন। ওই ব্যঙ্গচিত্রটিতে একটি রক্তদান শিবিরের দৃশ্য দেখানো হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘সিঁদুর ডোনেশন ক্যাম্প’। অর্থাৎ, রক্তকে সিঁদুর বলে কটাক্ষ করতে চেয়েছেন প্রকাশ রাজ। তিনি এই ছবির সাথে লেখেন, “অন্য কিছু নয়। শিরা দিয়ে শুধু নির্বাচন বয়ে চলেছে।” এর মাধ্যমে তিনি পহেলগাঁও কাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’–এর আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য দেখানোর চেষ্টা করেছেন।

প্রকাশ রাজের এই পোস্টের পরেই তার বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিতে এবং মোদি সরকারের সমর্থনে সোশ্যাল মিডিয়ার ময়দানে নেমে পড়েন রুপালি গঙ্গোপাধ্যায়। তিনি লেখেন, “এতটা নীচে নামলেন প্রকাশজি। ২০১৯ সালে আপনি যে পরিমাণ ভোট পেয়েছিলেন, তার চেয়েও নীচে নেমে গিয়েছেন আপনি।”

এই দুটি পোস্টই মুহূর্তে নেটপাড়া জুড়ে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে প্রকাশ রাজ এবং রুপালি গঙ্গোপাধ্যায় উভয়ের পক্ষেই সমর্থন এবং বিরোধিতা দেখা যায়।

উল্লেখ্য, প্রকাশ রাজ এবং রুপালি গঙ্গোপাধ্যায় দুজনেই যেকোনো বিষয়ে স্পষ্ট ভাবে নিজেদের মতামত প্রকাশ করতে ভালোবাসেন। তবে রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে তারা ঠিক উল্টো পথে হাঁটেন। সম্প্রতি পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধেও সোচ্চার হতে দেখা গিয়েছিল রুপালিকে। এবার প্রকাশের সঙ্গে তার এই প্রকাশ্য বিবাদের রেশ কত দূর পৌঁছায়, সেটাই এখন দেখার বিষয়।