হাওড়ার মঙ্গলাহাটে ভয়াবহ আগুন! কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা, দমকলের যা অনুমান?

রবিবার সকালে হাওড়া ময়দান এলাকার ঐতিহাসিক মঙ্গলাহাটে ভয়াবহ আগুন লেগেছে। সকাল সাড়ে ৯টা নাগাদ মডার্ন হাট বিল্ডিংয়ের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ড ঘটে। দ্রুত কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, যা দূর থেকেও দৃশ্যমান হয়। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।
মঙ্গলাহাট সাধারণত মঙ্গলবার বসলেও, রবিবারও এখানে বেচাকেনা হয়। ফলে আগুন লাগার সময় প্রচুর ব্যবসায়ী এবং ক্রেতা উপস্থিত ছিলেন। আকস্মিক এই অগ্নিকাণ্ডের ফলে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে।
একটি গুদাম থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাওড়া ময়দান এলাকায় যান চলাচলও বিঘ্নিত হয়েছে।