৬ টাকার টিকিট কেটেই পেলেন ১ কোটি টাকার পুরস্কার! মুহূর্তে ভাগ্য বদলে গেল দরিদ্র দোকানদারের

লটারি কেটেই ভাগ্য ফিরলো উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা বাজারের বাসিন্দা গোপাল সরকারের। নিজের ছোট দোকান আর সংসারের অভাব মেটানোর আশায় মাঝেমধ্যে লটারির টিকিট কাটতেন তিনি। সেই আশা যে সত্যি হয়ে ধরা দেবে, তা হয়তো কল্পনাও করেননি গোপাল। গতকাল, শনিবার (২৪ মে, ২০২৫) তার কাটা টিকিটেই উঠেছে ১ কোটি টাকার বাম্পার পুরস্কার!

গোপাল সরকার হেলেঞ্চা বাজারে একটি ছোট দোকান চালান। এটাই তার পরিবারের আয়ের একমাত্র উৎস। শনিবার তিনি দোকানের জন্য কেনা আইসক্রিমের বকেয়া টাকা পাওনাদারকে মিটিয়ে আসেন। ফেরার পথেই তিনি লটারির টিকিট কাটার সিদ্ধান্ত নেন।

একটি টিকিটের দাম মাত্র ৬ টাকা। গোপাল একটি সম্পূর্ণ সিরিজ কিনেছিলেন, যার জন্য তার খরচ হয়েছিল প্রায় ১৫০ টাকা। দুপুর ১টা থেকে লটারির ফল ঘোষণা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই গোপাল জানতে পারেন, তার কেনা টিকিটগুলোর মধ্যে একটিতে ১ কোটি টাকার জ্যাকপট উঠেছে! এই অবিশ্বাস্য খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে ফোন করে জানান।

লটারি জেতার পর সংবাদমাধ্যমে গোপাল সরকার তার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, “আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তাই মাঝেমধ্যে ভাগ্য পরীক্ষা করার জন্য লটারির টিকিট কাটতাম। ভাবিনি যে এটা সত্যি হবে। এই টাকা দিয়ে আমি দোকানের উন্নতি করব আর ছেলের ভবিষ্যৎ গড়ব।”

গোপালের স্ত্রীও এই খবরে উচ্ছ্বসিত। তিনি বলেন, “কোটি টাকা পুরস্কার পাবো ভাবতে পারিনি। আমি খুব খুশি। এবার দোকানটাকে ভালো করে সাজাব। আশা করছি, পরিবারের সকলকে নিয়ে ভালোভাবে থাকতে পারব।”