“চিন্তা কোরো না…”-কাশ্মীর LoC-তে সংঘর্ষে ভীত স্কুল পডুয়াদের কী পরামর্শ দিলেন রাহুল গান্ধী?

সাম্প্রতিক ভারত-পাক সীমান্তে গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সফরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার লোকসভার বিরোধী দলনেতা হিসেবে তিনি সীমান্তের এই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং সেখানকার আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে তাদের প্রতি সংহতি প্রকাশ করেন। একইসঙ্গে, এলাকার কচি কাঁচাদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন রাহুল।
আজ সকালে জম্মু বিমানবন্দরে পৌঁছানোর পর রাহুল গান্ধী হেলিকপ্টারে করে পুঞ্চে যান। সেখানে তিনি সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন। রাহুল গান্ধী একটি স্কুল পরিদর্শন করেন এবং সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “সবে সবে তোমাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু চিন্তা করো না, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই সমস্যার মোকাবিলা করার উপায় হল প্রচুর পড়াশোনা করা, প্রচুর খেলা এবং স্কুলে প্রচুর বন্ধু তৈরি করা।” তিনি আরও উল্লেখ করেন যে, “সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুঞ্চে।” এই সফরে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীর কংগ্রেসের সভাপতি তারিক হামিদ কাররা।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওতে ঘটে যাওয়া নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাল্টা অভিযান চালায়। এই ভারত-পাক সংঘর্ষের মাঝে পুঞ্চ সহ সীমান্ত সংলগ্ন এলাকাগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে গত ২৫ এপ্রিল রাহুল গান্ধী শ্রীনগরে গিয়ে সন্ত্রাসবাদী হামলায় আহতদের সঙ্গে দেখা করেছিলেন। তখন তিনি জম্মু ও কাশ্মীরের তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন।
রাহুল গান্ধীর এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন সীমান্ত এলাকায় অস্থিরতা বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই সফর ক্ষতিগ্রস্ত মানুষের মনে কিছুটা হলেও ভরসা জোগাবে বলে মনে করা হচ্ছে।