OMG! ফুটন্ত জলের হাঁড়িতে পড়ল ৪ বছরের শিশু, ঝলসে হলো মৃত্যু, শোকে পরিবার

ফের ফুটন্ত জলে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারাল এক শিশু। বুধবার বীরভূম জেলার পাড়ুই থানার ইকড়া ডাঙ্গায় এই ঘটনা ঘটে। মৃত শিশুর নাম রাজেন হেমরম, বয়স মাত্র চার বছর। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুটির বাবা মেঘনাথ হেমরম জানান, বাড়িতে ভাত রান্না হচ্ছিল। সেই সময় রাজেন ঘরের মধ্যেই খেলা করছিল। অসাবধানতাবশত সে ভাতের জন্য বসানো ফুটন্ত গরম জলে পড়ে যায় এবং গুরুতর অগ্নিদগ্ধ হয়।
দ্রুত শিশুটিকে প্রথমে বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই চিকিৎসা চলাকালীন রাজেনের মৃত্যু হয়। বর্ধমান থানার পুলিশ মৃতদেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়।
গত বছর ডিসেম্বর মাসে বর্ধমানে একটি একরত্তি শিশুকন্যার ঘুগনির কড়াইয়ে পড়ে মৃত্যুর খবরে রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। বীরভূমের ধনঞ্জয়পুরে ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা। ফুটন্ত ঘুগনির হাঁড়িতে পড়ে শিশুটির শরীরের অর্ধেকাংশ ঝলসে গিয়েছিল। পাঁচদিনের লড়াই শেষে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন, দেহের অধিকাংশ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
এই ধরনের দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলছে শিশুদের সুরক্ষার বিষয়ে। পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তা সামনে চলে আসছে, যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।