আম্বানির পুত্রবধূর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, খবরে খুশি নেটিজেনরা

ভারতের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানি কিংবা তার পরিবার মানেই যেন নিত্যনতুন চমক আর রাজকীয় আয়োজন। গত বছর জুলাই মাসে রাজকীয় বিয়ের পর এবার ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট। কারণ, সামাজিক মাধ্যমে রাধিকাকে ঘিরে এক নতুন গুঞ্জন তীব্র ঝড় তুলেছে— তিনি নাকি অন্তঃসত্ত্বা। শুধু তাই নয়, এই গুঞ্জন আরও জোরালো হয়ে এও রটেছে যে তিনি নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন!

নেটদুনিয়ায় কান পাতলেই এখন এই গুঞ্জন শোনা যাচ্ছে যে, রাধিকা মার্চেন্ট নাকি বর্তমানে প্রায় ৫ মাসের অন্তঃসত্ত্বা। সামাজিক মাধ্যমে এই খবর ছড়াতেও বেশি সময় লাগেনি এবং মুহূর্তেই তা বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি সত্যি হোক বা নিছকই গুঞ্জন, তবে এই খবরকে কেন্দ্র করে আম্বানি পরিবারের ভক্তরা বেশ আনন্দিত এবং অনেকেই রাধিকা-অনন্ত জুটিকে অগ্রিম শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো অবশ্য জানাচ্ছে যে, যদিও অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, তবুও এখনও পর্যন্ত এই বিষয়ে আম্বানি পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অনন্ত এবং রাধিকা আম্বানিও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে এই মুহূর্তে সম্পূর্ণ চুপচাপ রয়েছেন এবং এই গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি।

তবে নেটিজেনদের মধ্যে এই বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। সামাজিক মাধ্যমে অনেকেই নানা মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, ‘বিয়ের এক বছরের মধ্যেই যদি এই খবর সত্যি হয়, তাহলে তো আম্বানি পরিবারে পাক্কা ধামাকা হতে চলেছে!’ আবার অনেকে অনুমান করছেন, ‘হয়তো আম্বানি বাড়ির এই নতুন অতিথিদের আগমন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণাটি নতুন বছরের আগেই আসবে।’

বর্তমানে রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানির ব্যক্তিগত জীবনকে ঘিরে এহেন জল্পনা সামাজিক মাধ্যমে আলোচনার শিখরে রয়েছে। সবাই এখন অধীর আগ্রহে আম্বানি পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। তবে এই খবরটি সত্যি কিনা, তা সময়ই বলবে।