ভারত মুখ ফেরাতেই কারসাজি শুরু! বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে নতুন ষড়যন্ত্র করছে তুরস্ক!

পাকিস্তানকে অস্ত্র দিয়ে মদত দেওয়ার মাশুল গুনতে হচ্ছে তুরস্ককে। নিরাপত্তা থেকে উড়ান, শিক্ষা, বাণিজ্য- সব ক্ষেত্রেই আঙ্কারা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত। আর ভারত মুখ ফেরাতেই নতুন কারসাজি শুরু করেছে । এবার নাকি বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তুরস্ক। ইকোনমিক টাইমসের একটি রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে উঠেছে তুরস্ক। তুরস্কের একটি এনজিও সমর্থিত ইসলামিক সংগঠন ঢাকায় গজিয়ে উঠেছে, যার নাম ‘সালতালাত-ই-বাংলা’। এই সংগঠনই এখন উসকানিমূলক ‘গ্রেটার বাংলাদেশ’-এর দাবি তুলে ধরছে।
‘সালতালাত-ই-বাংলা’ নামে এই সংগঠনটি ‘গ্রেটার বাংলাদেশ’-এর নতুন একটি মানচিত্রও প্রকাশ করেছে। এই ম্যাপে মায়ানমারের আরাকান রাজ্য এবং ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও গোটা উত্তর-পূর্বাঞ্চলকে বৃহত্তর বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশের অংশ বলে দাবি করা হয়েছে, যা অত্যন্ত উসকানিমূলক।
এই উসকানিমূলক ম্যাপগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অন্যান্য এলাকায় লাগানো হয়েছে। মূলত যে জায়গাগুলিতে পড়ুয়া ও যুব সম্প্রদায় যায়, সেখানেই এই গ্রেটার বাংলাদেশের পোস্টার লাগানো হয়েছে। চাঞ্চল্যকর বিষয় হলো, ড. মুহাম্মদ ইউনূস সমর্থকরাও এই ম্যাপের সমর্থন জানিয়েছে। তারাও দাবি করেছে, অন্তত উত্তর-পূর্ব ভারতকে বাংলাদেশের অংশ করা হোক।
প্রসঙ্গতঃ, গত বছর ছাত্র গণ আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন এবং মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গঠনের পর থেকেই ওপার বাংলা থেকে ভারতের বিভিন্ন অংশ দখল করার বিষয়ে ক্রমাগত উসকানিমূলক মন্তব্য এসেছে। এর পাশাপাশি, তুরস্কও বাংলাদেশে সামরিক অস্ত্র-শস্ত্র সাপ্লাই বাড়ানোর চেষ্টা করছে বলে জানা গেছে। এই পরিস্থিতি ভারত-তুরস্ক সম্পর্ক এবং বাংলাদেশ সংক্রান্ত ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে।
সব মিলিয়ে, ইকোনমিক টাইমসের এই রিপোর্ট ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় উদ্বেগের বিষয়। পাকিস্তান ইস্যুতে তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার আবহে ঢাকার মাটিতে ‘গ্রেটার বাংলাদেশ’ প্রচারণায় তুরস্কের যোগসাজশের অভিযোগ নতুন করে উত্তেজনা তৈরি করেছে।