SPORTS: বিরাটের অবসর কি কাঙ্খিত? ‘চমকে দেওয়ার মতো’-জবাব দিলেন সৌরভ গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। অন্যান্য ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার পর তাদের টেস্ট থেকে এই সরে দাঁড়ানোর বিষয়টি অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল। এই পরিস্থিতিতে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দুই তারকার টেস্ট অবসর নিয়ে মুখ খুললেন। তিনি বিশেষ করে বিরাট কোহলির সিদ্ধান্তে নিজের অবাক হওয়ার কথা স্পষ্ট জানিয়েছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “খেলা ছাড়াটা তো আসলে সম্পূর্ণ নিজের ইচ্ছে। বিরাট এবং রোহিত দু-জনেই নিজেদের ইচ্ছেতেই খেলা ছেড়েছে। দু’জনেরই ক্রিকেট জীবনে দুর্দান্ত কেরিয়ার।” টেস্ট ক্রিকেটের কথা বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, “টেস্টের কথা বললে বিরাট কোহলির অবিশ্বাস্য কেরিয়ার। তেমনই রোহিতেরও।”

তবে তাদের এই সিদ্ধান্তে সৌরভ যে খানিকটা আঘাত পেয়েছেন, তা তার কথায় স্পষ্ট হয়েছে। কারণ, একসময় সৌরভই চেয়েছিলেন রোহিত শর্মাকে ভারতীয় দলের ক্যাপ্টেন করতে, আর বিরাট কোহলিও তার অন্যতম পছন্দের ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন। তাই ব্যক্তিগতভাবে তিনি হয়তো কিছুটা মর্মাহত হয়েছেন।

দুই তারকার অবসরের মধ্যে সৌরভ এও বলেন যে, রোহিত শর্মার টেস্ট অবসর নেওয়ার সিদ্ধান্তে তিনি হয়তো ততটা বিস্মিত নন। তবে বিরাট কোহলির অবসর তাকে বেশি অবাক করেছে। মহারাজ বলেন, এমন একটা সময়ে বিরাট টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, যখন তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। ইংল্যান্ড সফরের জন্য তিনি ভাবনা চিন্তাও শুরু করেছিলেন, রঞ্জি ট্রফিতে খেলেছেন এবং আইপিএলেও ভালো ব্যাটিং করছেন। বিরাটের অবসরে কি তিনি সারপ্রাইজড? এই প্রশ্নে সৌরভ সরাসরি বলেন, “অবশ্যই। ও দুর্দান্ত ছন্দে রয়েছে। আমাকে তো চমকে দিয়েইছে।”

তবে যখন দুই ক্রিকেটার টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তখন ভারতীয় টেস্ট দলের পরবর্তী ক্যাপ্টেন কে হবেন তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকেই তরুণ ব্যাটসম্যান শুভমন গিলকে পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হিসেবে এগিয়ে রাখছেন। এই প্রসঙ্গে সৌরভ সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ক্যাপ্টেন্সি নিয়ে নিজের মতামত দিয়েছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, “নির্বাচকরা যেটা ভালো বুঝবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ক্যাপ্টেন্সির ক্ষেত্রে অনেক কিছুই ভাবতে হবে। এটা একটা দীর্ঘমেয়াদী ভাবনা। অনেকে বুমরার (জসপ্রিত বুমরাহ) কথাও বলছে। ওর চোট নিয়েও ভাবনা রয়েছে। সব কিছু মিলিয়েই নির্বাচকদের ভাবতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে।” অর্থাৎ, সৌরভ মনে করেন নতুন অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে অনেক দিক বিবেচনা করা প্রয়োজন, যার মধ্যে খেলোয়াড়ের ফিটনেস এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অন্যতম।