“অভিষেককে তাড়িয়ে দিলেই অনেকে ভিড় করবে!” বিস্ফোরক ফেসবুক লাইভে বোমা ফাটালেন মমতা

দল ভাঙানোর চেষ্টা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ নিয়ে এবার সরাসরি পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফেসবুক লাইভে এসে দলত্যাগী নেতাদের ‘বেনোজল’ বলে কটাক্ষ করার পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা তাঁর একটি মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।

কী বললেন মমতা? তৃণমূল নেত্রীর বিস্ফোরক দাবি, “আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই, তাহলে কেউ কেউ (দলত্যাগীরা) আবার দলে ফিরে আসবে।” নাম না করে দলত্যাগীদের তীব্র আক্রমণ করে মমতা বলেন, “যাঁরা আজ বড় বড় কথা বলছেন, তাঁরা একটা সময় কংগ্রেসে থেকে বারবার নির্বাচনে হেরেছিলেন। আমার অনুরোধেই তাঁরা টিকিট পেয়েছিলেন। আমি আপনাদের চিনি, তাই আপনাদের দলে নিইনি।”

তৃণমূল নেত্রী স্পষ্ট করে দেন যে, ভয় দেখিয়ে বা বিধায়ক-সাংসদদের কিনে নিয়ে তৃণমূলকে দুর্বল করা যাবে না। বরং যাঁরা দল ছেড়েছেন, তাঁদের বিদায়ে দল আরও শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছে। তিনি বলেন, “কিছু ‘বেনোজল’ ক্ষমতালোভী মানুষ যারা অন্য দলে চলে গিয়েছে, তাদের গিয়ে আমাদের দল থেকে বরং জঞ্জাল সাফ হয়েছে। আমরা নতুন করে দলকে তৈরি করব।”

অভিষেকের পাশে মমতা সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী বলেন, “অভিষেক লড়াই করছে, মাথা নত করেনি। ওকে খুনের চেষ্টা করা হয়েছে।” তিনি আরও মনে করিয়ে দেন, তৃণমূল কোনো নেতার দল নয়, এটি একমাত্র তৃণমূল কর্মীদের দল।

রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ রাজ্যের বর্তমান পরিস্থিতির কড়া সমালোচনা করে মমতা বলেন, “রাজ্যে সম্পূর্ণ নৈরাজ্য চলছে। হিটলারও এমন কাজ করেনি। অত্যাচার সব সীমা ছাড়িয়ে গিয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি দলের অন্দরে বিধায়কদের অনুপস্থিতি এবং হাইভোল্টেজ মিটিং বাতিল হওয়ার পর মমতার এই ফেসবুক লাইভ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তৃণমূল সুপ্রিমোর এই বার্তা কি আদৌ দলের অভ্যন্তরীণ কোন্দল মেটাবে, নাকি নতুন কোনো সমীকরণের জন্ম দেবে—এখন সেটাই বড় প্রশ্ন।