চলন্ত হাইওয়েতে উড়তে লাগল টাকার বান্ডিল, টাকা কুড়নোর হুড়োহুড়িতে লেগে গেল লম্বা জ্যাম, দেখুন ভিডিও

উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা দেখে পথচারীরা হতবাক হয়ে যান এবং গোটা এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটি হাইওয়ের উপর হঠাৎ করেই টাকার বান্ডিল উড়তে দেখা যায়। মুহূর্তেই সেই টাকা কুড়োনোর জন্য ঝাঁপিয়ে পড়েন বহু মানুষ, যার জেরে ওই ব্যস্ত সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গেছে, ঘটনাটি ঘটে একটি ছিনতাইয়ের পর। বারাণসী থেকে দিল্লিগামী একটি বিলাসবহুল বাসে করে যাচ্ছিলেন গুজরাটের এক জিরা ব্যবসায়ী, যার নাম ভবেশ। বাস থেকে নামার পরেই ওত পেতে থাকা দুই দুষ্কৃতী তাকে নিশানা করে। সুযোগ বুঝে তারা ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকার দুটি ব্যাগ ছিনিয়ে বাইকে করে পালানোর চেষ্টা করে।
তবে পালানোর সময় দুষ্কৃতীদের হাত থেকে টাকার একটি ব্যাগ হাইওয়ের উপর পড়ে যায়। ব্যাগের মুখ খুলে যাওয়ায় টাকার নোটগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে এবং বাতাসের তোড়ে উড়তে শুরু করে। হাইওয়ের পাশ দিয়ে যাওয়া সাধারণ মানুষ এবং ধাবায় উপস্থিত লোকজন এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। চোখের সামনে এভাবে টাকা উড়তে দেখে তারা আর স্থির থাকতে পারেননি। টাকা কুড়োবার লোভে তারা তড়িঘড়ি রাস্তায় নেমে পড়েন।
যার ফলে ওই ব্যস্ত হাইওয়ের উপর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। টাকা কুড়োনোর হুড়োহুড়িতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘক্ষণ ধরে ভয়াবহ যানজট লেগে থাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষজন কীভাবে রাস্তার ওপর থেকে টাকা কুড়োনোর জন্য ছোটাছুটি করছেন।
कौशांबी में बदमाश एक बैग में पैसे लेकर भागे, लेकिन भागते वक्त बैग हाइवे पर गिर गया। बैग से पैसे बिखरते ही लोग लूटने के लिए दौड़ पड़े और अफरा-तफरी मच गई। इस घटना का वीडियो भी सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है।#BREAKING #kaushambi #NewsUpdate pic.twitter.com/mjB99YwNfK
— Molitics (@moliticsindia) May 16, 2025
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভবেশ জানিয়েছেন, তার দুটি ব্যাগেই লক্ষাধিক টাকা ছিল। রাস্তায় পড়ে যাওয়া ব্যাগ থেকে তিনি মাত্র ৪-৫ লাখ টাকা উদ্ধার করতে পেরেছেন। তার দাবি, বাকি টাকা দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে গেছে এবং রাস্তার উপর থেকে সাধারণ মানুষ তুলে নিয়েছে। এই ঘটনার পর ব্যবসায়ী পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।