Weather: পারদ চড়বে ৪০ ডিগ্রিতে, বাংলার ৫ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি কবে? জেনেনিন আপডেট

রাজ্যজুড়ে আবহাওয়ার বড় বদল আসন্ন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে তীব্র গরমের পরিস্থিতি তৈরি হবে এবং আগামী চারদিন তা বজায় থাকবে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলবে। গত সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির দেখা মিললেও, চলতি সপ্তাহে ফের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার দাপট শুরু হচ্ছে।

তাপপ্রবাহের সতর্কতা:
আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। আগামী তিন দিনে দিনের তাপমাত্রা প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দক্ষিণবঙ্গ তো বটেই, আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কিছু অংশেও গরম অনুভূত হবে। তবে তাপপ্রবাহের মূল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়, যা বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত জারি থাকবে। এই জেলাগুলিতে আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

দক্ষিণবঙ্গের বিস্তারিত পূর্বাভাস:
আজ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামীকাল শুক্রবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে এবং তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। শনিবার ও রবিবারও এই পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রাখা হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার বেশি থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮০ থেকে ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ থেকে ৫৫ শতাংশ থাকতে পারে। অন্যান্য জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭০ থেকে ৮০ শতাংশ এবং সর্বনিম্ন ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে থাকতে পারে।

উত্তরবঙ্গের পরিস্থিতি:
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন গরম অনুভূত হবে। বিশেষ করে মালদা জেলায় শনিবার এবং রবিবার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যে কারণে সেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী সাতদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি কবে?
দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে আবারও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতার আবহাওয়া:
আজ বৃহস্পতিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আজ থেকেই শহরের আবহাওয়ায় পরিবর্তন আসবে। শুক্রবার থেকে কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। গতকাল বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি।