চারধাম যাত্রার মাঝে ভয়াবহ দুঃসংবাদ! উত্তরকাশীতে কপ্টার ভেঙে চালক সহ ৬ পুণ্যার্থীর মৃত্যু

চারধাম যাত্রার সময় এক বড় ধরনের দুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডে। উত্তরকাশীর পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল একটি যাত্রিবাহী হেলিকপ্টার। এই ভয়াবহ দুর্ঘটনায় কপ্টারের চালক সহ ৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন। কপ্টার দুর্ঘটনার সঠিক কারণ যদিও এখনও জানা যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রীদের নিয়ে কপ্টারটি দেরাদুনের সহস্ত্রধারা হেলিপ্যাড থেকে খরসালি হেলিপ্যাডের দিকে যাচ্ছিল। মাঝপথে উত্তরকাশীর গাঙ্গানির কাছে জঙ্গলের মধ্যে এটি ভেঙে পড়ে। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে, কপ্টারটি প্রায় দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়। SDRF-এর দল ঘটনাস্থলে পৌঁছনোর পরে দেখেন, ভাটওয়াড়ি এলাকার কাছে কপ্টারটি প্রায় ২০০ থেকে ২৫০ মিটার গভীর খাদে পড়ে বিধ্বস্ত অবস্থায় রয়েছে। স্থানীয় পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী ইউনিটের সাথে SDRF ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

কপ্টারটি অ্যারোট্রান্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামক গুজরাটের একটি সংস্থার ছিল। এটির নম্বর ছিল VT-OXF। জানা গেছে, হেলিকপ্টারটির পায়লট ছিলেন ক্যাপ্টেন রবিন সিং। হেলিকপ্টারটিতে মোট ৭ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১ জন পাইলট এবং ৬ জন যাত্রী। এই যাত্রীরা মুম্বই এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন।

এই ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেছেন, উত্তরকাশীর গঙ্গানির কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় কিছু মানুষের হতাহতের খবর অত্যন্ত দুঃখজনক। ত্রাণ ও উদ্ধারকাজের জন্য এসডিআরএফ এবং জেলা প্রশাসনের দলগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে তিনি শোকাহত পরিবারগুলিকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দানের প্রার্থনা করেছেন। আহতদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান এবং দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই বিষয়ে তিনি কর্মকর্তাদের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছেন এবং প্রতিটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

চারধাম যাত্রার ভরা মরশুমে এই ধরনের দুর্ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করেছে। কপ্টার দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।