মিসাইলে ছারখার লক্ষ্যবস্তু, ‘অপারেশন সিঁদুর’ সফল! পাক জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণ দিল ভারত

পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতম জবাব দিল ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে (PoK) পরপর মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। চোখের নিমেষে একের পর এক শক্তিশালী জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। নিখুঁত পরিকল্পনা আর অব্যর্থ লক্ষ্যভেদে মাত্র ২৫ মিনিটের মধ্যে সম্পূর্ণ হয় এই গোপন অভিযান, যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। মঙ্গলবার মাঝরাতে এই স্ট্রাইকের কথা জানিয়ে প্রেস বিবৃতি দেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। এরপরই সামনে আসতে শুরু করে একের পর এক ভিডিও এবং প্রমাণ, যা ভারতের সাফল্যকে তুলে ধরে।

নিখুঁত নিশানা, ধ্বংস জইশ-লস্কর সদর দফতর

ভারতীয় সেনা লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি ধ্বংসের অকাট্য প্রমাণও দিয়েছে। বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের মূল সদর দফতর, যেখানে জঙ্গিরা থাকত, তার সঙ্গেই ছিল জইশ পরিচালিত মাদ্রাসা এবং কমান্ড সেন্টার, যেখানে জইশ প্রধান মাসুদ আজহারের পরিবার থাকত। আশেপাশে আরও বাড়ি থাকলেও, সুনির্দিষ্টভাবে শুধুমাত্র জইশের হেড কোয়ার্টারকেই নিশানা করা হয়েছিল। একইভাবে মুরিদকেতে লস্কর-ই-তৈবার সদর দফতরেও হামলা চালানো হয়। হামলার আগে এবং পরের মুহূর্তের স্যাটেলাইট ছবি প্রকাশ করে ভারত প্রমাণ দিয়েছে কীভাবে লস্কর ও জইশের সদর দফতর ধ্বংস করতে ‘প্রিসাইজ স্ট্রাইক’ চালানো হয়েছে। স্যাটেলাইট ছবিতে ধ্বংসলীলার স্পষ্ট ছবি দেখা যাচ্ছে।

নিহত ১১০ জঙ্গি, আহত রউফ আসগর

সূত্রের খবর অনুযায়ী, বাহাওয়ালপুর ও মুরিদকেতে জঙ্গি ঘাঁটিতে হামলার ঘটনায় মোট ১১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১৪ জন সদস্যও রয়েছে বলে জানা গেছে। জইশ প্রধানের ভাই এবং ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর এই হামলায় গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে পাকিস্তানের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভারতে নিরীহদের উপর হামলা, পাকিস্তানে সেনার মৃত্যু

তবে ভারত যখন বেছে বেছে শুধুমাত্র জঙ্গিদের খতম করল এবং একজন নিরীহ পাকিস্তানি নাগরিকের গায়েও আঘাত লাগতে দিল না, তখনও তার প্রতিশোধে পাক সেনাবাহিনী সেই নিরীহ ভারতীয় নাগরিকদেরই টার্গেট করল। নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় পাক সেনাবাহিনীর গুলি-মর্টারে প্রাণ গেল ২ শিশু সহ ১৫ জন নিরীহ ভারতীয়র। অন্যদিকে, ভারতের পাল্টা জবাব এবং কড়া প্রত্যাঘাতে পাকিস্তানের ১০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক মহলে ভারতের পাশে বহু দেশ

পাকিস্তানের মাটিতে ‘অপারেশন সিঁদুর’ চালানো নিয়ে আন্তর্জাতিক স্তরে বহু দেশের সমর্থন পেয়েছে ভারত। ইজরায়েল জানিয়েছে, আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। কাশ্মীরে নৃশংস হত্যাকাণ্ডের জন্য দুঃখপ্রকাশ করেছে ফ্রান্স, জার্মানি, স্পেন, কাতার সহ একাধিক দেশ। পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু হলেও, চিন সব ধরনের সন্ত্রাসের বিরোধিতা করেছে এবং শান্তি বজায় রাখার বার্তা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আশা করি দ্রুত লড়াই শেষ হবে।

সব মিলিয়ে, ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে জঙ্গিদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার পাশাপাশি, নিরীহ ভারতীয় নাগরিকদের ওপর পাকিস্তানের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক মহলের নজর এখন দক্ষিণ এশিয়ার এই উত্তপ্ত পরিস্থিতির উপর।