সাতসকালেই বিকট শব্দ, বেজে উঠল সাইরেন! বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর

ভারতের ‘অপারেশন সিঁদুর’ সম্পন্ন হওয়ার ঠিক একদিন পর, বৃহস্পতিবার সকালে হঠাৎই একাধিক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পাকিস্তানের লাহোর শহর। আচমকা শুরু হওয়া এই বিস্ফোরণ ও তার সাথে বেজে ওঠা সাইরেনের আওয়াজে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রাণের ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকে।
পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিস্ফোরণের শব্দ মূলত শোনা গেছে লাহোরের অভিজাত এলাকা ওয়ালটন বিমানবন্দর সংলগ্ন গোপাল নগর এবং নাসিরাবাদ অঞ্চলে। এই এলাকাটি লাহোরের মূল বাণিজ্যিক কেন্দ্র এবং পাকিস্তান সেনা ক্যান্টনমেন্টের খুব কাছেই অবস্থিত। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা অবশ্য এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে পাকিস্তানের পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে, সম্ভবত ৫ থেকে ৬ ফুট লম্বা একটি ড্রোন থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ইতিমধ্যেই ওই ড্রোনটিকে জ্যাম করে নামানো সম্ভব হয়েছে বলেও তারা দাবি করেছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।
ঘটনার পরপরই কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে বিস্ফোরণের ভয়াবহতা এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক। চারপাশ ছেয়ে গেছে ধোঁয়ায়। এই ঘটনার জেরে সাময়িকভাবে লাহোর সহ করাচি ও সিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।