‘অপারেশন সিঁদুর’-এর পর দিল্লিতে সর্বদলীয় বৈঠক, অংশ নিচ্ছে তৃণমূলও

পহেলগাঁও হামলার ঠিক ১৫ দিনের মাথায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জবাবি পদক্ষেপ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিস্তারিত জানাতে আজ দিল্লিতে শুরু হচ্ছে সর্বদলীয় বৈঠক। সংসদের গ্রন্থাগার ভবনে সকাল ১১টা থেকে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। তিন বাহিনীর এই যৌথ অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে কেন্দ্র।

সূত্রের খবর অনুযায়ী, এই বৈঠকে দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং ‘অপারেশন সিঁদুর’-এর খুঁটিনাটি সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে অবহিত করবে কেন্দ্রীয় সরকার। এই সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও উপস্থিত থাকতে পারেন। এছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়েরও থাকার সম্ভাবনা রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফেও প্রায় সকলেই এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কে এই বৈঠকে যোগ দেবেন, সেদিকে সকলের নজর ছিল। দলের তরফে জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকছেন। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় স্বার্থে তৃণমূল সবসময় দেশের পাশে থাকবে। রাজনীতির ময়দানে মতবিরোধ থাকলেও দেশের নিরাপত্তার প্রশ্নে বিরোধিতা নয়, বরং সহযোগিতাই প্রাধান্য পাবে – এই বার্তাই তিনি দিয়েছেন।

বুধবার নবান্নে এই নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা এমন এক সময়, যখন কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে রক্ষা করার লড়াইয়ে সামিল হওয়াই আমাদের দায়িত্ব।” এর আগে পহেলগাঁও হামলার পরেও একবার কেন্দ্র সর্বদলীয় বৈঠক ডেকেছিল, কিন্তু সেই বৈঠকে প্রধানমন্ত্রী মোদি ছিলেন অনুপস্থিত। তিনি তখন বিহারের মধুবনীতে নির্বাচনী প্রচারে ছিলেন, যা নিয়ে সমালোচনাও হয়েছিল। তাই আজকের বৈঠকে তাঁর উপস্থিতি ঘিরেও জল্পনা চলছে।

তবে রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, তৃণমূলের পক্ষ থেকে আজকের বৈঠকে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত স্পষ্ট। দলের তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় স্বার্থ ও দেশের সুরক্ষার প্রশ্নে তারা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে এসেছে এবং আগামীতেও করবে। এই সর্বদলীয় বৈঠক দেশের কঠিন পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের বার্তা দেবে বলে আশা করা হচ্ছে।