৫৫ নয়, ৫১ বছরে পা দিলেন কাঞ্চন! বরের জন্মদিনের পার্টির ছবি শেয়ার করে যা বললেন শ্রীময়ী

গত ৬ মে ছিল অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপন করতে বাড়িতে একটি ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন তাঁর স্ত্রী, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এই অনুষ্ঠানের বেশ কিছু মনোমুগ্ধকর ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রীময়ী, যা মন ছুঁয়ে গেছে অনেকের। সেই সঙ্গে কাঞ্চনের জন্য লিখেছেন এক আবেগঘন খোলা চিঠি।
এই পার্টিতে শ্রীময়ীকে দেখা গেছে লাল শাড়ির সঙ্গে কালো ব্লাউজে। হালকা সাজ আর গয়নায় সেজেছিলেন তিনি। অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল নীল শার্ট আর জিন্স। তাঁদের মেয়ে কৃষভিকে নিয়ে কেক কাটেন কাঞ্চন, পাশে ছিলেন শ্রীময়ী। জন্মদিনের মেনুতে ছিল এলাহি আয়োজন – ভাত, পোলাও, লুচি, ডাল, ঝুড়ি আলু ভাজা, পাবদা মাছ, চাটনি, মিষ্টি ইত্যাদি।
ছবিগুলো শেয়ার করে শ্রীময়ী তাঁর পোস্টে লিখেছেন, ‘শুভ ৫১ তম জন্মদিন আমার ভালোবাসা। এই বছরটা একটু বিশেষ। বাবা হিসেবে তোমার প্রথম জন্মদিন। কৃষভি আর আমি ভীষণ খুশি তোমার সঙ্গে এই দিনটি উদযাপন করতে পেরে। তোমায় সবথেকে ভালো বাবা হতে দেখে আমি আবার তোমার প্রেমে পড়েছি।’ এখানে উল্লেখযোগ্য, কাঞ্চন ও পিঙ্কির এক ছেলে রয়েছে, ওশ। তবে কৃষভির জন্মের পর এটি কাঞ্চনের প্রথম জন্মদিন। প্রসঙ্গত, উইকিপিডিয়ায় কাঞ্চনের বয়স ৫৫ উল্লেখ থাকলেও, শ্রীময়ীর পোস্ট এবং জন্মদিনের কেক থেকে স্পষ্ট হয় যে তিনি ৫১ বছরে পা দিয়েছেন।
View this post on Instagram
শ্রীময়ী আরও লেখেন, ‘তুমি সবসময় আমার পাশে শক্ত হয়ে থেকেছ। আর এখন তো তুমি আমাদের মেয়ের হিরো। কৃষভি খুব ভাগ্যবতী যে তোমার মতো একজন সহৃদয়, শক্ত মনের এবং যত্নবান একজন বাবা পেয়েছে। আমরা একসঙ্গে তোমার আরও অনেক জন্মদিন কাটাব হাসি, মজা, আনন্দ করে। আরও অনেক না ভুলতে পারার মতো স্মৃতি তৈরি করব আমাদের মেয়েকে সঙ্গে নিয়ে।’