ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা চালাবেনই মাস্ক, নিলেন বড় পদক্ষেপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গবেষণাকারী সংস্থা ওপেনএআইয়ের মূল নিয়ন্ত্রণ তাদের অলাভজনক অংশের হাতেই থাকবে—কোম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা আসার পরও তার বিরুদ্ধে মামলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ইলন মাস্কের আইনজীবী।
সম্প্রতি ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে তাদের নতুন প্রস্তাবিত কাঠামোর কথা জানান। এই নতুন কাঠামোর অধীনে, ওপেনএআইয়ের অলাভজনক অংশই কোম্পানিটিকে নিয়ন্ত্রণ করবে। এর অধীনে একটি ‘বড়’ বাণিজ্যিক অংশ থাকবে, যারা ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ অলাভজনক অংশের লক্ষ্য পূরণে ব্যবহার করবে। অল্টম্যান তার চিঠিতে বলেছেন, নতুন কাঠামোটি আগের জটিল কাঠামো থেকে বেরিয়ে এসে একটি সাধারণ শেয়ার-ভিত্তিক কাঠামোতে রূপান্তরের পদক্ষেপ, এটি কোনো বিক্রি নয়।
ওপেনএআইয়ের এই ঘোষণার একদিন পরই মাস্কের আইনজীবী মার্ক টোবারফ সোমবার জানান, ওপেনএআই তাদের নিয়ন্ত্রণের পরিকল্পনায় বদল আনলেও ইলন মাস্ক কোম্পানিটির বিরুদ্ধে তার আইনি লড়াই চালিয়ে যাবেন।
উল্লেখ্য, গত বছর ওপেনএআই যাতে অলাভজনক নিয়ন্ত্রণ থেকে সরে গিয়ে সম্পূর্ণ বাণিজ্যিক না হয়ে যায়, সেই লক্ষ্যে অল্টম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ইলন মাস্ক। সেই মামলার বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে ২০২৬ সালের মার্চ মাসে।
স্যাম অল্টম্যানের সঙ্গে যৌথভাবে ২০১৫ সালে ইলন মাস্ক ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন। তবে ২০১৮ সালে তিনি কোম্পানিটি ছেড়ে দেন।
ওপেনএআইয়ের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে উদ্বেগ থেকেই মাস্ক এই মামলা করেছিলেন। এখন ওপেনএআই সেই কাঠামো বদলের ঘোষণা দিলেও মাস্কের আইনজীবীর মন্তব্যে স্পষ্ট যে, এই আইনি লড়াই এখনই শেষ হচ্ছে না এবং মামলার পরবর্তী অধ্যায় আদালতের বিচার প্রক্রিয়ার মাধ্যমেই এগোবে। মাস্ক সম্ভবত ওপেনএআইয়ের ঘোষিত পরিবর্তনকে যথেষ্ট মনে করছেন না অথবা তার মূল অভিযোগের সমাধান হয়েছে বলে মনে করছেন না।