“রোবটের মধ্যে রয়েছে স্পর্শের অনুভূতি”-অবাক করা নতুন রোবট উন্মোচন করল অ্যামাজন

অনলাইন বিপণন সংস্থা অ্যামাজন রোবোটিক্সের ক্ষেত্রে এক বড় অগ্রগতি ঘটিয়েছে বলে দাবি করেছে। কোম্পানিটি এমন একটি নতুন রোবট তৈরি করেছে যার মধ্যে রয়েছে স্পর্শের অনুভূতি। ‘ভলকান’ (Vulcan) নামে পরিচিত এই রোবটটি বিভিন্ন জিনিস স্পর্শ করে তা অনুভব করতে পারে এবং সেই অনুযায়ী ডেলিভারি প্যাকেট গোছাতে ও প্যাক করতে সাহায্য করে। রোবট তৈরির ক্ষেত্রে এটিকে অনেক বড় অগ্রগতি হিসেবে দেখছে অ্যামাজন।

‘প্রজেক্ট ভলকান’ (Project Vulcan) এর অধীনে তৈরি এই রোবটটির মূল বৈশিষ্ট্য হলো এর উন্নত স্পর্শ সেন্সিং ক্ষমতা। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, স্পর্শ অনুভব করার ক্ষমতার কারণে রোবটটি কোনো বস্তু ধরার আগে সেটির আকার, ওজন বা টেক্সচার আন্দাজ করতে পারে এবং সেই অনুযায়ী গ্রিপ ব্যবহার করে সেটি নিরাপদে তুলে নিতে বা সরিয়ে রাখতে পারে।

অ্যামাজন জানিয়েছে, তারা বর্তমানে এই ‘ভলকান’ রোবট ব্যবহার করে তাদের ওয়্যারহাউসগুলিতে বিভিন্ন প্যাকেজ সাজানো ও প্যাক করার কাজ করছে। কিছু অন্যান্য রোবটও এই কাজে সহায়তা করছে। কোম্পানি দাবি করেছে যে, বর্তমানে তাদের কোটি কোটি পণ্যের মধ্যে প্রায় তিন চতুর্থাংশ পণ্য প্যাক করার কাজে ‘ভলকান’ যুক্ত রয়েছে এবং এটি মানুষের কাজের গতির সঙ্গে তাল মিলিয়ে দক্ষতার সাথে কাজ করতে পারছে।

অ্যামাজনের রোবোটিক্স এআই বিভাগের পরিচালক অ্যারন পার্নেস বলেছেন, “আমাদের মানব কর্মীদের পাশাপাশি কাজ করছে ভলকান এবং কেবল নিজস্ব কর্মীদের দিয়ে কাজ করানোর চেয়ে এই সমন্বয়টি আরও ভালো।” তিনি ‘ভলকান’কে রোবট তৈরির ক্ষেত্রে একটি অনেক বড় অগ্রগতি হিসেবে দেখছেন। পার্নেস বলেন, “এটি কেবল বিশ্বকে দেখছেই না বরং বিভিন্ন জিনিস ছোঁয়ার পর তা অনুভবও করছে। যা রোবটের পক্ষে এতদিন সম্ভব ছিল, সেই সক্ষমতা এখন সম্ভব হচ্ছে।”

মার্কিন ই-কমার্স জায়ান্টটি বলেছে, তাদের নতুন ধরনের রোবট তৈরির পেছনে মূল উদ্দেশ্য ছিল মানুষের কাজের সময় বাঁচানো, তাদের নিরাপত্তা বাড়ানো এবং সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা। রোবট আসার কারণে কর্মক্ষেত্রে মানুষের চাকরি হারানোর ভয় বিষয়ে অ্যামাজন জানিয়েছে, তাদের বিভিন্ন রোবট আসলে অনেক নতুন ধরনের কাজের সুযোগ তৈরি করেছে। যার মধ্যে রয়েছে, রোবট রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এবং রোবট পরিচালনার জন্য পর্যবেক্ষণ কর্মী। কর্মীদের রোবোটিক্স ও অন্যান্য উন্নত ক্ষেত্রে কাজের সুযোগ পেতে সাহায্য করার জন্য প্রশিক্ষণ কর্মসূচিও চালু রেখেছে তারা।

অ্যামাজন আগামী ‘কয়েক বছরের মধ্যে’ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ‘ভলকান’ রোবট চালুর পরিকল্পনা করছে। পার্নেস বলেছেন, “এটি এমন এক প্রযুক্তি, যা তিন বছর আগেও অসম্ভব বলে মনে হত। তবে এখন আমাদের কার্যক্রমে পরিবর্তন আনতে সহায়ক হতে প্রস্তুত এটি।” তিনি আরও যোগ করেন, “আমাদের লক্ষ্য হচ্ছে এই প্রযুক্তিকে আমাদের পুরো নেটওয়ার্কে ব্যবহারের জন্য ছড়িয়ে দেওয়া। যাতে এর কার্যকারিতা বাড়ে, কাজের ক্ষেত্রে নিরাপত্তা উন্নত হয় ও শারীরিকভাবে কষ্টকর বিভিন্ন কাজ কমিয়ে আমরা কর্মীদের সহায়তা করতে পারি।”

স্পর্শের অনুভূতি সম্পন্ন এই রোবট ‘ভলকান’ অ্যামাজনের ওয়্যারহাউস অটোমেশনকে নতুন স্তরে নিয়ে যেতে পারে এবং মানুষ ও রোবটের সমন্বিত কাজের ভবিষ্যৎকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।