Recipe: দোকানের মতো আমের আইসক্রিম তৈরী করুন বাড়িতে, শিখেনিন বানানোর সেরা পদ্ধতি

গরম পড়তে না পড়তেই বাজারে পাকা আমের আগমন শুরু হয়েছে। বাঙালির অন্যতম প্রিয় ফল এই আম। আর গ্রীষ্মের দুপুরে বা রাতের খাবারের পর ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম হলে তো আর কথাই নেই! জিভে জল আনা এই ডেজার্টটি দোকান থেকে না কিনে বাড়িতেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। রইল পাকা আমের মজাদার আইসক্রিম তৈরির সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ:

তরল দুধ: ২ কাপ
গুঁড়ো দুধ: ১/৪ কাপ
হুইপড ক্রিম: ২ কাপ
কন্ডেন্সড মিল্ক: ১/৪ কাপ
চিনি: স্বাদমতো
পাকা আমের পিউরি: ২-৩ টি গোটা আমের (পরিমাণমতো)
ভ্যানিলা এসেন্স: কয়েক ফোঁটা
ড্রাই ফ্রুটস: পরিমাণমতো (সাজানোর জন্য ঐচ্ছিক)

তৈরির পদ্ধতি:

১. প্রথমে একটি পাত্রে তরল দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে নিন।
২. ফুটন্ত দুধে ধীরে ধীরে কন্ডেন্সড মিল্ক ও গুঁড়ো দুধ মেশাতে থাকুন। খেয়াল রাখবেন যেন কোনো দানা না থাকে এবং মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন।
৩. দুধের মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে হুইপড ক্রিম যোগ করে ভালোভাবে মেশান।
৪. এই মিশ্রণটি একটু ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রাখুন।
৫. অন্যদিকে, একটি মিক্সারের পাত্রে পাকা আমের পিউরি নিন। এতে স্বাদমতো চিনি যোগ করুন।
৬. আমের মিশ্রণে একটু ক্রিম এবং কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স মেশান এবং ভালোভাবে ব্লেন্ড করে নিন।
৭. ফ্রিজে রাখা দুধের মিশ্রণটি বের করুন। এবার ঠান্ডা দুধের মিশ্রণের সঙ্গে আমের মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন।
৮. আইসক্রিম জমানোর জন্য খোপ কাটা কন্টেনার ব্যবহার করতে পারেন। আইসক্রিম কন্টেনার না থাকলে সাধারণ বাটিও ব্যবহার করা যাবে।
৯. মিশ্রণটি আইসক্রিম কন্টেনার বা বাটিতে ঢেলে দিন। চাইলে এর মধ্যে আইসক্রিমের কাঠিও ঢুকিয়ে দিতে পারেন।
১০. এবার এগুলো ফ্রিজে রেখে দিন প্রায় ৮-১০ ঘণ্টার জন্য। আইসক্রিম পুরোপুরি জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
১১. আইসক্রিম জমে গেলে পরিবেশনের আগে উপর থেকে ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে দিন।

ব্যস, আপনার হাতের জাদুতে তৈরি হয়ে গেল গরমের স্পেশাল ম্যাঙ্গো আইসক্রিম! গরমের দুপুরে বা রাতের খাবারের পর ঠান্ডা ঠান্ডা এই আইসক্রিম পরিবেশন করে পরিবারের সকলকে চমকে দিন।