“কংগ্রেস স্পষ্টতই হিন্দু-বিরোধী..!”-রামকে ‘পৌরাণিক চরিত্র’ বলে বিজেপি-র আক্রমণের মুখে রাহুল গান্ধী

বিদেশ সফরে গিয়ে ফের একবার বিতর্কের কেন্দ্রে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ভগবান রামকে ‘পৌরাণিক চরিত্র’ বলে মন্তব্য করেছেন, যা নিয়ে দেশের রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। স্বভাবতই তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছে বিজেপি এবং কংগ্রেসের ‘হিন্দু-বিরোধী মানসিকতা’ প্রমাণের চেষ্টা করছে তারা।
অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমানে হিন্দু জাতীয়তাবাদের আধিপত্যের আবহে সমস্ত সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে কীভাবে ধর্মনিরপেক্ষ রাজনীতি করা সম্ভব? এর জবাবে রাহুল গান্ধী ভারতের মহান সমাজ সংস্কারক এবং রাজনৈতিক চিন্তাবিদদের কথা উল্লেখ করেন এবং বলেন যে তাদের কেউই ধর্মান্ধ ছিলেন না। এই প্রসঙ্গেই তিনি বলেন, “আমাদের সকল পৌরাণিক ব্যক্তিত্ব, ভগবান রাম ছিলেন এই ধরনের। তিনি ক্ষমাশীল ছিলেন, তিনি ছিলেন করুণাময়।”
রাহুল গান্ধী এই অনুষ্ঠানে বিজেপির হিন্দুত্বের ধারণাকে প্রকৃত হিন্দু ধর্ম বলে মানতে অস্বীকার করেন। তিনি বলেন, “বিজেপি যা বলে তা আমি মোটেও হিন্দু ধারণা বলে মনে করি না। আমার মতে হিন্দু ধারণা অনেক বেশি বহুত্ববাদী, অনেক বেশি আলিঙ্গনকারী, অনেক বেশি স্নেহশীল, অনেক বেশি সহনশীল এবং উন্মুক্ত।” তিনি বিজেপিকে ‘প্রান্তিক গোষ্ঠী’ বলেও কটাক্ষ করেন এবং বলেন, তারা রাজনৈতিক ক্ষমতা ও সম্পদ দখল করলেও সংখ্যাগরিষ্ঠ ভারতীয় চিন্তাবিদদের প্রতিনিধিত্ব করে না।
তবে রামকে ‘পৌরাণিক চরিত্র’ বলার তাঁর এই মন্তব্যটিই বিতর্কের প্রধান কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিজেপি নেতারা দ্রুত তাঁর সাক্ষাৎকারের ওই অংশের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়ে রাহুল গান্ধীকে ‘রাম বিরোধী’ হিসেবে প্রচার শুরু করেছেন। তাদের দাবি, কংগ্রেস অতীতেও রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেছিল।
বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “হিন্দু এবং ভগবান রামকে অপমান করা কংগ্রেস দলের পরিচিতি হয়ে উঠেছে। যারা হলফনামার মাধ্যমে ভগবান রামের অস্তিত্ব অস্বীকার করেছিল, রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেছিল, ‘হিন্দু সন্ত্রাস’ শব্দটি ব্যবহার করেছিল, তারা এখন ভগবান রামকে ‘পৌরাণিক’ বলে অভিহিত করেছেন।” আরেক বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলেছেন, “এটা কংগ্রেসের মানসিকতাকেই প্রকাশ করেছে। হিন্দু ধর্মকে উপহাস করা, ভগবান রামকে প্রশ্নের মুখে ফেলা এবং তারপর নির্বাচনের সময় সনাতনের প্রতি নকল ভালোবাসা দেখানো। কংগ্রেস স্পষ্টতই হিন্দু-বিরোধী!”
বিজেপির নেতারা এই প্রসঙ্গে ২০০৭ সালে তৎকালীন ইউপিএ সরকার সুপ্রিম কোর্টে জমা দেওয়া সেই হলফনামার কথাও টেনেছেন, যেখানে বলা হয়েছিল বাল্মীকির রামায়ণের কাহিনীর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। বিজেপি মুখপাত্র সিআর কেশবন বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের ইউপিএ সরকারই সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে বলেছিল ভগবান রামের কোনও ঐতিহাসিক প্রমাণ নেই। তিনি আরও বলেন, তাদের মিত্র ডিএমকে-ও ভগবান রামকে উপহাস করে বলেছিল ইতিহাসে কোথাও বলা নেই যে রাম কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছেন বা তিনি কোনো সেতু নির্মাণ করেছেন। সব মিলিয়ে রামকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে মেরুকরণের জন্ম দিয়েছে।