ভাগ্য যখন সুতোর ওপর, রাসেল পেলেন প্রোমোশন, ইডেনে দেখালেন ‘মাসল’ পাওয়ার

দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছিলেন তিনি, টিম ম্যানেজমেন্টের কাছে একাধিকবার নিবেদন করেছিলেন ব্যাটিং অর্ডারে উপরে খেলার সুযোগ দেওয়ার জন্য। অবশেষে আন্দ্রে রাসেলকে যখন সেই সুযোগ দেওয়া হলো, তখন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কার্যত খাদের কিনারায় দাঁড়িয়ে। প্লে-অফের আশা জিইয়ে রাখতে হলে বাকি চারটি ম্যাচেই জয় অনিবার্য। এই ‘মরণ-বাঁচন’ পরিস্থিতিতে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে নামানো হলো ক্যারিবিয়ান তারকাকে। টিম ম্যানেজমেন্টের আস্থার যোগ্য মর্যাদাও দিলেন রাসেল, ইডেনের ২২ গজে ফিরলেন তাঁর চেনা বিধ্বংসী রূপে। ‘মাসল রাসেল’ অবতারের সামনে ছিন্নভিন্ন হলো রাজস্থান রয়্যালসের বোলিং আক্রমণ।
রবিবার ইডেনে যখন রাসেল ক্রিজে আসেন, তখন কেকেআর রীতিমতো চাপে। ১২.৪ ওভারে স্কোরবোর্ডে মাত্র ১১১/৩। হাতে চোট থাকা সত্ত্বেও অজিঙ্ক রাহানে খেলছিলেন বটে, তবে ছন্দে ছিলেন না। ২৪ বলে ৩০ রান, স্ট্রাইক রেট ১২৫ – টি-২০ ফরম্যাটের জন্য একেবারেই যথেষ্ট ছিল না। সুনীল নারাইন ব্যাট হাতে ব্যর্থ হন। অপর ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৩৫ রান করতে খরচ করেন ২৫টি বল।
রাসেল নিজেও শুরুতে কিছুটা সতর্ক ছিলেন। প্রথম ৯ বলে করেন মাত্র ২ রান। অনেকেই তখন সংশয়ে ছিলেন, কেকেআরের স্কোর কি দেড়শো পেরোবে?
তবে টি-২০ ক্রিকেটের এই চরম পেশাদার ক্যারিবিয়ান ক্রিকেটার জানতেন কখন গিয়ার বদলাতে হয়। প্রাথমিক জড়তা কাটিয়ে উঠতেই রাসেলের ব্যাটে যেন ঝড় উঠল। মাত্র ২২ বলে পূরণ করলেন চলতি আইপিএলে নিজের প্রথম হাফসেঞ্চুরি। ততক্ষণে তাঁর ব্যাট থেকে এসেছে ৩টি বাউন্ডারি এবং ৬টি বিশাল ছক্কা। শেষ পর্যন্ত ২৫ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন রাসেল।
অন্যপ্রান্তে যোগ্য সঙ্গত দিলেন অঙ্গকৃষ রঘুবংশী। ৩১ বলে করলেন ৪৪ রান। শেষদিকে রিঙ্কু সিংহ ৬ বলে ১৯ রানে অপরাজিত থেকে ফিনিশিং টাচ দেন। যে স্কোর দেড়শো পেরনো নিয়েই সংশয় ছিল, রাসেল ও রিঙ্কুর ঝোড়ো ব্যাটিংয়ে সেই স্কোরই অনায়াসে দুশো পার করে যায়। কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে তুলল ২০৬ রান। বিশেষ করে শেষ ৫ ওভারে কেকেআর ৮৫ রান যোগ করে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে শাহরুখ খানকে ইডেনে দেখা গেলেও এরপর আর কেকেআরের কোনও ম্যাচে তাঁকে মাঠে দেখা যায়নি। একই দৃশ্য ছিল দলের অন্যতম মালকিন জুহি চাওলার ক্ষেত্রেও। তবে রবিবার চলতি আইপিএলে প্রথমবার মাঠে এসে জুহি দেখলেন তাঁর প্রিয় আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডব। গ্যালারিতে রাসেলের বিশাল ছবি সম্বলিত টিফো তুলে ধরা হয়, যাতে লেখা ছিল ‘ইনফিনিটি নাইট’। অসীম এক যোদ্ধা হয়েই যেন কেকেআর শিবিরে নতুন প্রাণসঞ্চার করলেন রাসেল।