স্বামীর মুক্তির আশায় বাড়ি ফিরলেন বন্দি বিএসএফ জওয়ান পূর্ণমের স্ত্রী

পাকিস্তানে বন্দী থাকা বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের পরিবার অবশেষে পাঠানকোট থেকে হুগলির রিষড়ার বাড়িতে ফিরেছে। গত বুধবার, ২৩শে এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি রয়েছেন এই ভারতীয় জওয়ান। প্রিয়জনের মুক্তির বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে প্রাথমিক আশ্বাসে সম্পূর্ণ ভরসা রাখতে না পেরে গত সোমবার (২৮শে এপ্রিল) পূর্ণমের স্ত্রী রজনী সাউ, আট বছরের ছেলে এবং পরিবারের অনান্য সদস্যরা পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
আশ্বাসের খোঁজে সফর ও বিএসএফের সঙ্গে সাক্ষাৎ:
বন্দী হওয়ার পর থেকে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছিল পূর্ণমের পরিবারের। প্রিয়জনের কী অবস্থা, কবে তিনি ফিরবেন – এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই তাঁরা দিল্লি সংলগ্ন এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে চণ্ডীগড় বিমানবন্দরে নেমে প্রথমে পাঠানকোট এবং পরে কাংড়াতে যান তাঁরা। সেখানেই বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তা, সিইও-এর সঙ্গে পূর্ণমের পরিবারের সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
আশ্বাস নিয়ে ঘরে ফেরা:
বিএসএফের সিইও পূর্ণমের পরিবারকে আশ্বাস দিয়েছেন যে পূর্ণম নিরাপদে ফিরে আসবে। এই আশ্বাস পেয়েই কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারে। বৃহস্পতিবার, বিএসএফের দেওয়া আশ্বাসের উপর ভরসা রেখে পূর্ণমের পরিবারের সদস্যরা অমৃতসর থেকে বিমানে দমদম বিমানবন্দরে হয়ে রিষড়ার বাড়িতে ফিরেছেন।
দমদম বিমানবন্দর থেকে বিএসএফ-এর গাড়িতে করেই পূর্ণমের পরিবারকে তাদের রিষড়ার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি ফিরে পূর্ণমের স্ত্রী রজনী সাউ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা বিএসএফের সিও-র সাথে কথা বলে আশ্বাস পেয়েছি। তিনি জানিয়েছেন, (ও) ফিরে আসবে, তাই আমরা আশাবাদী হয়ে ফিরে এলাম।” প্রিয়জনের দ্রুত ও নিরাপদে ফিরে আসার অপেক্ষায় এখন দিন গুনছে রিষড়ার এই পরিবার।