“আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না”—ভয় পেয়ে ভারতকে ‘হুঁশিয়ারি’ পাকিস্তান সেনাবাহিনীর প্রধানের

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ঘটনা ঘিরে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কাও ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।
পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতকে তাদের এই প্রস্তুতির পরীক্ষা না নিতেও সতর্ক করে দেওয়া হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর – ISPR) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতির উদ্দেশে আশ্বস্ত করেছেন যে, পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে। একইসঙ্গে তিনি ভারতকে “ধৈর্যের পরীক্ষা” না নেওয়ার জন্য সতর্ক করেছেন।
পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন, “আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক আলোচনার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা (ভারত) মনে করে যে আগ্রাসনই এগিয়ে যাওয়ার একমাত্র পথ, তাহলে আমাদের বার্তা কেবল এটাই: আমরা প্রস্তুত – আমাদের পরীক্ষা নিও না।”
তিনি আরও বলেছেন, “সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অথবা অন্য কোনও প্রতিরক্ষা-সম্পর্কিত প্রতিষ্ঠান, সকলেই প্রস্তুতিতে নিয়োজিত আছে। আমরা সর্বত্র, সর্বদা উপস্থিত। আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।”
জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জোর দিয়ে বলেন, “যদি তারা (ভারত) সামরিক সংঘাতের পথ বেছে নেয়, তবে তা তাদের সিদ্ধান্ত হবে – তবে এই সংঘাত কোথায় নিয়ে যাবে তার সিদ্ধান্ত আমরা (পাকিস্তান) নেব।”
পহেলগাঁও হামলার পর ভারত ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং সিন্ধু জল চুক্তি স্থগিত করা। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে আসা এই হুঁশিয়ারি ভারত-পাক সীমান্ত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।