মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের পুলিশ সুপারকে সরাল নবান্ন, রুটিন বদলি না অন্য কারণ? উঠছে প্রশ্ন

শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের উচ্চ পদে একটি বড়সড় রদবদল ঘটানো হয়েছে। নবান্ন থেকে জারি হওয়া একটি নির্দেশিকায় মুর্শিদাবাদ ও জঙ্গিপুর – দুই গুরুত্বপূর্ণ পুলিশ জেলার পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে এটিকে “একেবারেই রুটিন বদলি” দাবি করা হলেও, সাম্প্রতিককালে এই দুই জেলায় ঘটে যাওয়া কিছু অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে বদলিটি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক এবং বিশ্লেষক মহল।
নবান্নের নির্দেশ অনুযায়ী, মুর্শিদাবাদের এসপি সূর্য প্রতাপ যাদবকে বদলি করে কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (CO) পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিচ্ছেন রানাঘাট পুলিশ জেলার প্রাক্তন সুপার কুমার সানি রাজ।
অন্যদিকে, জঙ্গিপুরের এসপি আনন্দ রায়কেও বদলি করা হয়েছে। তাঁকে সালুয়ার তৃতীয় ব্যাটালিয়নের CO, EFR পদে পাঠানো হয়েছে। জঙ্গিপুরের নতুন পুলিশ সুপার হয়েছেন কলকাতা সাউথের ডিসি পদমর্যাদার অফিসার অমিত কুমার সাউ।
এই বদলির তালিকায় আরও কয়েকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক রয়েছেন। নারায়ণী ব্যাটালিয়নের বর্তমান CO অংশুমান সাহাকে এবার বারাকপুর SSF-র CO করা হয়েছে। এছাড়া, SS, IB পদে থাকা আশিস মৌর্য রানাঘাট জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন।
রাজ্য প্রশাসনের তরফে এই বদলিকে “একেবারেই রুটিন বদলি” বলে দাবি করা হয়েছে। তবে পুলিশ ও রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশের মতে, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে সাম্প্রতিক অশান্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তকে নিছক রুটিন বদলি বলা যায় না। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদে সম্প্রতি অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, যা সামাল দিতে বিএসএফ ও আধাসেনা পর্যন্ত মোতায়েন করতে হয়েছিল। এই ঘটনা হাই কোর্ট পর্যন্ত গড়ায় এবং আদালতের নির্দেশে ব্যবস্থা নেওয়া সহ একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়। এর আগেও জেলার সুতি ও সামশেরগঞ্জ থানার ওসিদের বদলি করা হয়েছিল। এই প্রেক্ষিতে এবার সরাসরি দুই জেলার পুলিশ সুপারকে অপসারণ করা আরও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এই বদলির ফলে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের নতুন পুলিশ নেতৃত্ব কীভাবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয় এবং শান্তি বজায় রাখে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন রাজ্যবাসী।