যখন কাশ্মীর নিয়ে উত্তাল দেশ, ভারতের বাজারে ধরা পড়ল ক্ষতিকারক পাকিস্তানি প্রসাধনী !

পহেলগাঁওতে সম্প্রতি ঘটে যাওয়া নিরীহ হিন্দুদের উপর নৃশংস হামলার পর গোটা দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাতের দাবিতে সরব হয়েছেন দেশের ১৪০ কোটি মানুষ। উপত্যকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার জোর দাবি উঠেছে সর্বত্র।
ঠিক এই উত্তেজনার আবহের মধ্যেই সামনে এল আরও একটি ভিন্ন ধরনের খবর, যার কেন্দ্রবিন্দুতে সেই পাকিস্তান। এবার সরাসরি প্রসাধনী পণ্যের গুণমান নিয়ে বিতর্কে জড়াল সে দেশের দুটি সংস্থা। জানা গেছে, ভারতের কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের ল্যাবে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে পাকিস্তানে তৈরি দুটি প্রসাধনী ক্রিম।
কেন্দ্রীয় ল্যাবের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের ওই দুটি সংস্থার তৈরি দুটি বিউটি ক্রিমে নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণে পারদ বা মার্কারি (Mercury) মিশ্রিত আছে বলে প্রমাণ মিলেছে। স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এই রাসায়নিকের মাত্রাতিরিক্ত উপস্থিতি উদ্বেগজনক। যখন কাশ্মীর উপত্যকার পরিস্থিতি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনা চলছে, সেই সময়ে পাকিস্তানের পণ্যের গুণমান নিয়ে কেন্দ্রীয় ল্যাবের এই রিপোর্ট স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।