আইপিএলে অনন্য নজির যশস্বীর, ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকালেন তিনবার

আইপিএলের (IPL 2025) মঞ্চে আরও একটি ঈর্ষণীয় ব্যক্তিগত নজির গড়লেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। গতকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে রাজস্থান রয়্যালস পরাজিত হলেও, যশস্বী এক বিরল কীর্তি স্থাপন করেছেন, যা আগে কোনও ক্রিকেটার করে দেখাতে পারেননি।

গতকাল ২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের ইনিংস শুরু করেন যশস্বী। প্রতিপক্ষের বোলার ভুবনেশ্বর কুমারের ইনিংসের প্রথম বলটিকেই তিনি মাঠের বাইরে পাঠান ছক্কা হাঁকিয়ে। এটি ছিল আইপিএলে যশস্বীর তৃতীয়বার এমন কীর্তি যেখানে তিনি ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরেছেন। এর আগে আরও দুইবার তিনি ইনিংসের সূচনা করেছিলেন ওভার বাউন্ডারির মাধ্যমে। গতকাল তিনি মাত্র ১৯ বলে ৪৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন, যাতে ছিল সাতটি চার এবং তিনটি ছয়।

আইপিএলের ইতিহাসে মোট ৮ জন ক্রিকেটার ইনিংসের প্রথম বলে ছয় মারার কৃতিত্ব অর্জন করেছেন। ২০০৯ সালে রাজস্থান রয়্যালসের নমন ওঝা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম এই নজির গড়েছিলেন। চলতি আইপিএলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্য প্রথম বলে ছয় মেরে এই তালিকায় নাম লিখিয়েছেন। অন্যান্যদের মধ্যে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি (২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে), মুম্বই ইন্ডিয়ান্সের ফিল সল্ট (গত বছর ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে), ময়াঙ্ক আগরওয়াল (২০১১), রবিন উথাপ্পা এবং সুনীল নারিন।

এই ৮ জন ব্যাটারের মধ্যে একমাত্র যশস্বী জয়সওয়ালই তিনবার ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকানোর বিরল কৃতিত্ব অর্জন করলেন। বাকি সাতজন ক্রিকেটার প্রত্যেকেই একবার করে এই নজির গড়েছেন। এর মাধ্যমে যশস্বী আইপিএলের ইতিহাসে নিজের নামটি বিশেষভাবে উজ্জ্বল করে তুললেন।