খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা, সেলফি তুলতে গিয়ে জলে ডুবে প্রাণ হারাল দুই স্কুলছাত্র

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত আরামবাটি এলাকায় সেলফি তুলতে গিয়ে জলে ডুবে দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর দু’দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাঁদের দেহ উদ্ধার করা যায়নি।
মৃত দুই যুবকের নাম আকাশ সিং চৌহান (১৭) এবং সঞ্জীব রাও (১৯)। তাঁরা দুজনেই খড়গপুরের নিমপুরা ১৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং হিতকরণী হাইস্কুলের ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চার বন্ধু মিলে আরামবাটি এলাকায় একটি মোরাম খাদানে স্নান করতে গিয়েছিল। স্নান করার সময় সেলফি তুলতে গিয়ে দুজন গভীর জলে তলিয়ে যায়। তীব্র জলের স্রোতে তারা ভেসে যায় বলে মনে করা হচ্ছে।
এদিকে, যুবকেরা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। তাদের সঙ্গে থাকা অন্য দুই বন্ধুর কাছ থেকে ঘটনার কথা জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত পুলিশকে খবর দেন এবং তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ঘটনার খবর পেয়ে রাতেই দমকল বাহিনীর কর্মীরা উদ্ধারকাজে নামে এবং রাতভর তল্লাশি চালায়, কিন্তু নিখোঁজ যুবকদের সন্ধান মেলেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই ছাত্রের দেহ খুঁজতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি। এই ঘটনা নিছক সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে খড়গপুর টাউন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় দুই পরিবারের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।