শাহরুখপুত্র আরিয়ান খানের জমকালো পার্টিতে টলিউড নায়িকাদের বিশেষ আমন্ত্রণ, কারা আছেন তালিকায়?

বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে ঘিরে দেশজুড়ে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। পরিচালক হিসাবে নিজের কেরিয়ার শুরু করার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। আরিয়ান যেখানেই যান, সেখানেই তিনি হয়ে ওঠেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। বন্ধুদের মাঝে তিনিই থাকেন মধ‍্যমণি। মুম্বই বা দেশের বাইরে পার্টি করলেও, সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কলকাতা শহরের নাম উঠে এসেছিল। আরিয়ানের কলকাতা আসার কারণও স্পষ্ট—কলকাতা নাইট রাইডার্স (KKR) তাঁর পরিবারেরই একটি অবিচ্ছেদ্য অংশ। আগামী ২৬ এপ্রিল শহরে কেকেআর-এর যে ম্যাচ রয়েছে, সেই দিনই কলকাতায় থাকবেন আরিয়ান। আর এই উপলক্ষ্যে তিনি কলকাতায় একটি ‘মনে রাখার মতো’ জমকালো পার্টি আয়োজন করছেন। এই খবর প্রথম প্রকাশ্যে এনেছিল বাংলা সংবাদমাধ্যম TV9 বাংলা।

জানা গেছে, এই বহুচর্চিত গ্ল‍্যামার নাইটটির তত্ত্বাবধানে রয়েছেন রাজদীপ চক্রবর্তী। রাজদীপের মাধ্যমেই টলিপাড়ার প্রথম সারির তারকাদের কাছে এই পার্টির আমন্ত্রণ পৌঁছে যাবে বলে আভাস পাওয়া গিয়েছিল। তবে এবার এক বিশেষ খবর সামনে এসেছে—আরিয়ান খানের তরফে কলকাতার জনপ্রিয় নায়িকাদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ আমন্ত্রণপত্র, যেখানে তাঁদের নাম আলাদা করে উল্লেখ করা হয়েছে। এর মানে এই নয় যে শহরের অভিনেতারা বা নায়কেরা পার্টিতে আমন্ত্রিত নন, তাঁরাও অবশ্যই আমন্ত্রিত থাকবেন। তবে মনে করা হচ্ছে, কলকাতার টলিউড অভিনেত্রীদের বিশেষ সম্মান জানাতেই এমন ব্যতিক্রমী আমন্ত্রণপত্রের ব্যবস্থা করা হয়েছে।

যে সমস্ত নায়িকাদের জন্য এমন বিশেষ আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে, সেই তালিকায় রয়েছেন—দর্শনা বণিক, ইধিকা পাল, কৌশানী মুখোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, মনামী ঘোষ, নুসরত জাহান, ঐন্দ্রিলা সেন, রুক্মিণী মৈত্র, সম্পূর্ণা লাহিড়ী, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং তৃণা সাহা-র মতো পরিচিত মুখেরা। এছাড়াও শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকেও এই পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এই তারকা অভিনেত্রীদের পাশাপাশি টলিউডের নামী অভিনেতারাও পার্টিতে উপস্থিত থাকতে পারেন।

আগামী ২৬শে এপ্রিল রাত এগারোটায় শুরু হবে এই তারকাখচিত পার্টি। রেড কার্পেটে কারা কী ধরনের পোশাকে আসেন এবং এই গ্ল্যামার নাইটের আর কী কী বিশেষ আকর্ষণ থাকে, সেদিকে অবশ্যই সকলের নজর থাকবে। কেকেআর ম্যাচের পরের এই রাত যে কলকাতার বিনোদন জগতে এক অন্য মাত্রা যোগ করতে চলেছে, তা সহজেই অনুমান করা যায়।