“গায়ের ওপর উঠে পরে, পারলে নাকের ফুটোর মধ্যে..?”-ফের মনের কথা অকপটেই বললেন স্বস্তিকা

টলিউডের অন্যতম জনপ্রিয় এবং স্পষ্টবাদী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর অভিনয় দক্ষতার পাশাপাশি ঠোঁটকাটা স্বভাবের জন্যও পরিচিত। দর্শক ও সমালোচকদের মন জয় করে বলিউড পর্যন্ত নিজের কাজের ছাপ রাখা এই অভিনেত্রী এবার ছবি সংক্রান্ত একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, এখন থেকে তিনি আর কোনো ছবির প্রিমিয়ারে অংশ নেবেন না, তা সে নিজের ছবি হোক বা অন্য কারও।
সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে স্বস্তিকা তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করেছেন তিনি। স্বস্তিকার মতে, কোনো দর্শক একটি সিনেমা দেখবেন কিনা, তা প্রিমিয়ারের ভিড়, কাগজের কভারেজ বা তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়া রিলস দেখে ঠিক করেন না। বরং ছবির টিজার, ট্রেলার, পোস্টার অথবা কলাকুশলীদের দেখে দর্শক ছবিটি দেখতে আগ্রহী হন। তার মতে, ছবির প্রচারের জন্য অন্যান্য মাধ্যমই যথেষ্ট।
অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে লেখেন, বর্তমানে সবার হাতেই ফোন এবং কে আসল মিডিয়া আর কে ব্লগার বা ভ্লগার, তা বোঝা কঠিন। প্রিমিয়ারের মতো অনুষ্ঠানে কোনো নির্দিষ্ট জায়গা থাকে না যেখানে ফটোগ্রাফাররা দাঁড়াবেন, সবাই গায়ের ওপর উঠে আসে এবং মোবাইল নাকের সামনে ধরে সেরা রিলস বানানোর চেষ্টা করে। এই বিশৃঙ্খলার চরম অভিজ্ঞতা হয়েছে তাঁর নিজেরই। একটি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ছবি তুলতে গিয়ে কেউ তাকে ধাক্কা মেরে প্রায় ফেলেই দিয়েছিল বলে জানান স্বস্তিকা।
এই ধরনের ধাক্কাধাক্কি এবং বিশৃঙ্খলা তাঁর পক্ষে মেনে নেওয়া কঠিন জানিয়ে স্বস্তিকা বলেন, বাউন্সার নিয়ে ঘোরা তার পক্ষে সম্ভব নয় এবং তিনি এমনটা হতেও চান না। তার মতে, রাস্তায় শুটিং করার সময় বাউন্সার প্রয়োজন হলেও নিজের ছবির প্রিমিয়ার দেখতে গিয়ে যদি পেছনে বাউন্সার রাখতে হয়, কারণ মানুষ গায়ে উঠে পড়বেই, তাহলে সেখানে না যাওয়াই ভালো। এটিকে তিনি তার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন এবং অনুরোধ করেছেন যেন তাকে আর প্রিমিয়ারে আমন্ত্রণ জানানো না হয়। আমন্ত্রণ জানানো হলেও মুখের ওপর না বলতে না পারলে হেসে কাটিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি। তবে যে ছবিতে তিনি কাজ করবেন, তার প্রচারে জীবন উজাড় করে দেবেন বলেও স্পষ্ট করেছেন স্বস্তিকা।
উল্লেখ্য, স্বস্তিকা মুখোপাধ্যায় তার সাহসী এবং অকপট স্বভাবের জন্য সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ফ্যাশন সচেতন হিসেবেও তিনি পরিচিত এবং নিত্যনতুন স্টাইল স্টেটমেন্ট তৈরি করেন। তবে সোশ্যাল মিডিয়ায় তাকে বহুবার ট্রোলিংয়ের শিকার হতে হয়। শত কটাক্ষ সত্ত্বেও স্বস্তিকা তার ‘কেয়ার নট অ্যাটিটিউড’ বজায় রেখেছেন, যার কারণে বহু মানুষ তাকে ভালোবাসেন। টলিউডের পাশাপাশি বলিউডেও তিনি চুটিয়ে কাজ করছেন এবং মুম্বাইয়েও তার কাজের যথেষ্ট প্রশংসা রয়েছে।