মুহূর্তেই সব শেষ! বউয়ের জন্যে শাহরুখ হয়েছিলেন পহলগাঁওয়ে নিহত নৌসেনা অফিসার, দেখুন সেই ভিডিও

কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের নৃশংস হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ভারতীয় নৌসেনার এক প্রতিশ্রুতিবদ্ধ অফিসার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। ভাগ্যের কী নির্মম পরিহাস, মাত্র ৬ দিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। নববিবাহিতা স্ত্রী হিমাংশীকে নিয়ে কাশ্মীর গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। কিন্তু সেই মধুচন্দ্রিমা অচিরেই পরিণত হয়েছে বিষাদ আর বেদনার এক অন্তহীন অধ্যায়ে।
গত ৬ এপ্রিল বাগদান পর্ব সেরেছিলেন বিনয় ও হিমাংশী। এরপর ১৬ এপ্রিল উত্তরাখণ্ডের মুসৌরিতে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। নতুন জীবনের একরাশ স্বপ্ন নিয়ে দুজনে পা রেখেছিলেন ভূস্বর্গ কাশ্মীরে। কে জানত, সেই ভ্রমণই হবে জীবনের শেষ সফর। গত মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের অতর্কিত হামলায় অন্য নিরীহ পর্যটকদের সঙ্গে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। বিয়ের মাত্র ছ’দিনের মাথায় ছিন্ন হয়ে যায় বিনয়-হিমাংশীর দাম্পত্যের বাঁধন।
বিনয়ের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি শেষ ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে চোখে জল এসে গেছে নেটিজেনদের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কাশ্মীরের মনোরম পরিবেশে স্ত্রীর সঙ্গে হাসিমুখে ঘুরে বেড়াচ্ছেন বিনয়। স্ত্রীর জন্য ‘শাহরুখ খান’ সেজে কিং খানের বিখ্যাত ‘আইনিক পোজে’ হাত ছড়িয়ে দাঁড়িয়েছেন তিনি। ‘কাল হো না হো’ সিনেমার সেই জনপ্রিয় দৃশ্যের অনুকরণে বিনয়ের এমন আনন্দময় মুহূর্তের ভিডিয়ো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর তা আরও বেশি করে বিয়োগান্তক হয়ে ধরা দিয়েছে মানুষের কাছে। নেটিজেনরা এই ভিডিয়ো দেখে যেমন শোক প্রকাশ করছেন, তেমনই সদ্য স্বামী হারানো হিমাংশীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। মাত্র ২৬ বছর বয়সী এই তরুণ অফিসারের মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে গোটা দেশেরই।
View this post on Instagram
মঙ্গলবার হামলার পর মাটিতে লুটিয়ে পড়া বিনয়ের প্রাণহীন দেহের পাশে বিহ্বল ও শোকার্ত অবস্থায় বসে থাকা স্ত্রী হিমাংশীর ছবিটি প্রথম গোটা দেশের হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল। এরপর বুধবার (২৩ এপ্রিল) দিল্লিতে বিনয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। স্বামীর নিথর দেহকে শেষ বিদায় জানানোর সময় হিমাংশীর কান্নায় চোখ ভিজেছে অনেকেরই। তবুও সেই চরম মুহূর্তেও তিনি অদ্ভুত দৃঢ়তা দেখিয়েছেন। আর্তনাদ করতে করতেই তাকে বলতে শোনা যায়, “আমি প্রার্থনা করব যে ওর আত্মা যেন চিরশান্তিতে ঘুমায়। ও একটা ভালো জীবন কাটিয়েছে। ও আমাদের খুব গর্বিত করে তুলেছিল। ও যে গৌরব অর্জন করেছিল, সেটা প্রতিটি ক্ষেত্রে ধরে রাখতে হবে আমাদের।” দিল্লিতে বিনয়ের মরদেহ পৌঁছানোর পর সেখানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরা তাকে শ্রদ্ধা জানান। স্বামীর কফিনকে স্যালুট করার সময় হিমাংশীর চোখ অশ্রুসিক্ত হলেও তার মেরুদণ্ড ছিল সোজা। ‘জয় হিন্দ’ বলে তিনি তার মনের মানুষকে চিরকালের জন্য বিদায় জানান। হিমাংশীর এই অসীম সাহস ও ভালোবাসা দেশের মানুষের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে। লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।