গরমে প্রাণ ওষ্ঠাগত, এরই মধ্যেই দুঃখের খবর দিল আলিপুর আবহাওয়া অফিস, কি বলছে…..

তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত ভারতের বেশিরভাগ রাজ্যের ন্যায় পশ্চিমবঙ্গ। ভ্যাপসা গরম আর অসহ্য ঘামে অতিষ্ঠ জনজীবন, সকালে বাইরে বেরোনোও দুষ্কর হয়ে পড়েছে। এই কঠিন পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য আরও খারাপ খবর শুনিয়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলোতে আগামী কয়েকদিন ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ছিল উদ্বেগজনক। এদিন কলাইকুন্ডার পারদ পৌঁছেছিল ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল সর্বোচ্চ। পানাগড়ের তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া ও আসানসোলে তাপমাত্রা ছুঁয়েছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। দমদম ও ব্যারাকপুরেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। আলিপুরের তাপমাত্রা পৌঁছেছে ৩৮.২ ডিগ্রিতে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমের জেলাগুলোতে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে তিনটি জেলায় গরমের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলোতে ২৫ ও ২৬ তারিখে তাপপ্রবাহের চরম সতর্কতা জারি থাকছে। তবে রবিবার যদি কোথাও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হয়, তাহলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। এই তীব্র গরম থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।