পহেলগাঁও হামলায় ২৬ প্রাণহানি ! নিন্দার ঝড় পাকিস্তানের তারকাদের, মুখ খুললেন ফাওয়াদ-মাওরা-হামিয়া

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর ঘটনা শুধু ভারতেই নয়, পাকিস্তানেও আলোড়ন ফেলেছে। এই বর্বরোচিত হত্যালীলার পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন এবং ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের বিনোদন জগতের বেশ কয়েকজন পরিচিত মুখ। অভিনেতা ফাওয়াদ খান, অভিনেত্রী হানিয়া আমির, মাওরা হোকানে এবং গায়ক-অভিনেতা ফারহান সইদের মতো তারকারা নিজেদের অ্যাকাউন্টে শোকবার্তা পোস্ট করেছেন।

দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় ফিরেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। তাঁর অভিনীত ‘আবির গুলাল’ সিনেমাটি মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পহেলগাঁওয়ের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ফাওয়াদ খানের সিনেমা বয়কটের ডাক উঠেছে। এই পরিস্থিতির মধ্যেই ফাওয়াদ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, “পহেলগাঁওয়ের হামলার ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। আহত ও নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। কঠিন এই সময়ে তাঁদের পাশে থাকার এবং শক্ত থাকার প্রার্থনা করি।”

উল্লেখ্য, এই হামলার পরই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) ভারতীয় বিনোদন জগতে পাকিস্তানি শিল্পীদের উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করার দাবি জানিয়েছে। জাতীয় নিরাপত্তা এবং বর্তমান পরিস্থিতির সংহতির কথা উল্লেখ করে ২০১৯ সালের নির্দেশিকা কঠোরভাবে প্রয়োগের দাবি তুলেছে FWICE। এই প্রেক্ষাপটেই ফাওয়াদ খানের বিবৃতি সামনে আসে এবং বাণী কাপুর অভিনীত তাঁর ‘আবির গুলাল’ ছবিটি ভারতে নিষিদ্ধ করার দাবি জোরালো হয়েছে।

অভিনেত্রী হানিয়া আমিরও এই ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ট্র্যাজেডি সবসময়েই ট্র্যাজেডি হয়, তা যেখানেই ঘটুক না কেন। বেদনা, শোক, আর আশার ক্ষেত্রে আমরা এক।” তিনি আরও বলেন, হামলায় নিহত নিরপরাধ মানুষদের পরিবার একা নয়, এই যন্ত্রণা আমাদের সকলের। তাঁর মতে, আমরা কোথা থেকে এসেছি সেটা মূল বিষয় নয়, বেদনার শব্দ সব জায়গায় একই রকম। মানবিকতাকে সবার উপরে স্থান দেওয়া উচিত বলেও মন্তব্য করেন হানিয়া।

‘সনম তেরি কসম’ খ্যাত অভিনেত্রী মাওরা হোকানেও গভীর দুঃখ প্রকাশ করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমি গভীরভাবে ব্যথিত। স্বজনহারা পরিবারবর্গদের সমবেদনা জানাই। একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ করা মানে সকলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ… চারিদিকে কী হচ্ছে?” গায়ক-অভিনেতা ফারহান সইদও পহেলগাঁওয়ের মৃত পরিবারবর্গদের প্রতি সমবেদনা জানিয়েছেন। অভিনেতা উসামা খানও এক্স হ্যান্ডেলে হামলার তীব্র নিন্দা করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং কঠিন সময়ে তাঁদের শক্তি কামনা করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ কখনও মেনে নেওয়া যায় না, তা ভারত, পাকিস্তান বা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন। এই ধরনের নির্মম ঘটনার বিরুদ্ধে সকলের একজোট হয়ে লড়াই করা উচিত।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা, যাতে ২৬ জন প্রাণ হারান। দ্য রেসিসট্যান্স ফ্রন্ট (TRF) নামে একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এর মধ্যেই পাকিস্তানি তারকাদের এই শোকবার্তা ও নিন্দা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।