“কাদামাখা রক্তাক্ত অবস্থায় ছুটে আসছে..”-দৃশ্য দেখেই অল্পের জন্য রক্ষা কোলাঘাটের ৯৮ পর্যটকের

কিছুদিন আগেই ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন কোলাঘাটের বাসিন্দা রকি লিন্ডা ও তাঁর সঙ্গীরা। মঙ্গলবার বিকেলে পহেলগামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তাঁরা সেই দিকেই এগোচ্ছিলেন। পাহাড়ের ফাঁক দিয়ে সূর্য তখন অস্ত যাচ্ছে, মুগ্ধ হয়ে দেখছিলেন সেই দৃশ্য। এমন সময় আচমকাই তাঁদের চোখে পড়ে, কাদামাখা রক্তাক্ত অবস্থায় কয়েকজন মানুষ তাঁদের দিকেই ছুটে আসছেন। মনে হচ্ছিল যেন ভয়ঙ্কর কোনও কাণ্ড ঘটেছে। কী হয়েছে জানতে পেরে শোনেন পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। এই খবর শুনেই তাঁরা আর এক মুহূর্তও অপেক্ষা করেননি, যেদিক থেকে এসেছিলেন সেদিকেই দ্রুত ফিরে যান। আর পহেলগামমুখো হননি তাঁরা। কাশ্মীর থেকে পাঠানো একটি ভিডিও বার্তায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন কোলাঘাটের বাসিন্দা রকি লিন্ডা।

এই মুহূর্তে ৩টি গ্রুপ মিলিয়ে কোলাঘাটের প্রায় ৯৮ জন পর্যটক কাশ্মীর উপত্যকায় রয়েছেন। তার মধ্যে আবার ৫২ জন পর্যটক মঙ্গলবার পহেলগামেই ছিলেন। এমনটাই জানিয়েছেন কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা অসীম দাস। তিনি বলেন, ‘জঙ্গি হামলার পর পুরো ব্যাপারটা ঘেঁটে গিয়েছে। আমাদের এলাকার অনেক পর্যটকেরই আজকালের মধ্যে ফিরে আসার কথা ছিল। কিন্তু এখন তাঁরা কোথায় থাকবেন, কীভাবে ফিরবেন, তা পুরোটাই অনিশ্চিত। তবে ওঁদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আমরা সব রকম সাহায্যের চেষ্টা করছি।’

তবে আশার কথা এটাই যে, কোলাঘাটের কোনও পর্যটকের হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, অনুরাগ দাস, টুকু দাস, তাপসী দাস, দেবলীনা রাজপন্ডিত, বিশ্বজিৎ চক্রবর্তী, মিঠু মন্ডল, মধু পাত্র সহ কোলাঘাটের আরও অনেকেই কাশ্মীরে আটকে রয়েছেন।

কোলাঘাটের যোগেন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা দেবলীনা রাজ পণ্ডিত, যিনি বর্তমানে কাশ্মীরে আটকে, তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। একটি অডিও বার্তায় তিনি জানিয়েছেন, ‘কোনওরকমে আমরা শ্রীনগরে এসে পৌঁছেছি। আমাদের আজ (বুধবার) ফ্লাইট ছিল। দাদাকে দিয়ে আজ রাতের টিকিট কাটিয়েছি। পহেলগামের অবস্থা ভালো নয়। তবে শ্রীনগর এখন শান্তই আছে। এখন যা হোক করে শুধু বাড়ি পৌঁছতে পারলে বাঁচি।’

কোলাঘাটের কমলা তুঙ্গেরও কয়েকজন আত্মীয় এখনও কাশ্মীরে আটকে রয়েছেন। ফোনে সরাসরি তাঁদের সঙ্গে এখনও কথা না হলেও, তিনি জানতে পেরেছেন যে তাঁরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বুধবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার সঙ্গে নিজে কথা হয়নি। তবে অন্য সূত্রে জানতে পেরেছি ভালো আছে। একটু চিন্তা তো হচ্ছেই। কত বড় ঘটনা ঘটেছে। টিভিতে দেখেছি। এখন ভালোয় ভালোয় সবাই বাড়ি ফিরুক, এটুকুই আমরা চাই।’ পহেলগাঁওয়ের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেও, কোলাঘাটের এই পর্যটকদের দ্রুত ও নিরাপদে বাড়ি ফেরা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি তাঁদের পরিবার ও প্রতিবেশীদের।